প্রথমবারের মতো সাতক্ষীরার আম যাচ্ছে হংকংয়ের বাজারে। গতকাল শনিবার পরীক্ষামূলক ১০০ কেজি গোবিন্দভোগ জাতের আম পাঠানো হয়েছে বলে জানিয়েছে আম রপ্তানিতে যুক্ত উত্তরণের প্রকল্প কর্মকর্তা ইকবাল হোসেন। তিনি জানান, গত এক দশক ইউরোপের বাজারে সাতক্ষীরা জেলায় উৎপাদিত হিমসাগর, ন্যাংড়া আমের খ্যাতি রয়েছে। এবার গোবিন্দভোগ আম যাচ্ছে হংকংয়ের বাজারে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক নূরুল ইসলাম বলেন, কৃষি অফিস ও প্রশাসনের পরামর্শ ও সিদ্ধান্ত অনুযায়ী, গোবিন্দভোগ, গোপালভোগ, বোম্বাই, ক্ষীরশাপাতি, গোলাপখাস ও বৈশাখীসহ অন্যান্য স্থানীয় জাতের আম ৫ মে থেকে পাড়া শুরু হয়ে গেছে। এ ছাড়া ১৬ মে হিমসাগর, ২৪ মে ন্যাংড়া ও ১ জুন আম্রপালি আম ভেঙে বাজারে তোলার নির্দেশ দেওয়া হয়। উপপরিচালক নূরুল ইসলাম আরও জানান, এ বছর সারা দেশ থেকে ৬০০ টন আম বিদেশে রপ্তানি করা হবে, যার মধ্যে শুধু সাতক্ষীরা থেকে যাবে একশ টন আম। ১৯ মে হবে বিদেশ যাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন।
