২২ কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক একটি হাইস্পিড বোট কিনেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ইতালি থেকে এমভি সোঙ্গা চিতা জাহাজে বোটটি আনা হয়। গতকাল রবিবার জাহাজটি চট্টগ্রাম বন্দরের জেটিতে ভিড়েছে। পতেঙ্গা থেকে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরে পাইলটদের দ্রুত আনা-নেওয়া এবং বহির্নোঙরে কোনো দুর্ঘটনা ঘটলে দ্রুত সেখানে পৌঁছে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার জন্য স্পিডবোটটি কেনা হয়েছে।
চট্টগ্রাম বন্দর সূত্র জানায়, ইতালির এফবি ডিজাইনের ইয়ার্ডে চট্টগ্রাম বন্দরের জন্য হাইস্পিড প্যাট্রল বোটটি নির্মিত হয়। ১৬.৫ মিটার দৈর্ঘ্য ও ১.২ মিটার ড্রাফটের প্যাট্রল বোটটিতে একসঙ্গে ১৬ জন বসার সুযোগ রয়েছে। এছাড়া এই বোটে আধুনিক নেভিগেশনাল যন্ত্রপাতি, স্যাটেলাইট রাডার, স্যাটেলাইট কম্পাস, দুইটি ইঞ্জিন, তিনটি জেনারেটরসহ প্রয়োজনীয় যন্ত্রপাতি রয়েছে।
চট্টগ্রাম-ইতালি রুটে সরাসরি চলাচলকারী এমভি সোঙ্গা চিতা জাহাজে স্পিডবোটটি চট্টগ্রাম আনা হয়। তিনশ টিইইউস কন্টেইনার নিয়ে সোঙ্গা চিতা জাহাজটি বহির্নোঙরে পৌঁছার পর গতকাল রবিবার বন্দরের টাগবোট কা-ারি ১০ ও ১২ এর সাহায্যে তা বন্দরের সিসিটি জেটিতে আনা হয়। সেখানে এখন কন্টেইনার খালাসের কাজ চলছে।
