চট্টগ্রাম নগরীর সল্টগোলা ক্রসিং এলাকায় একটি দোকানে অভিযান চালিয়ে ৬ হাজার ১২০ লিটার ভোজ্য তেল উদ্ধার করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। গতকাল রবিবার এ অভিযান চালানো হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মো. ফয়েজ উল্লাহ জানান, মেসার্স আসহাব বাণিজ্যালয় নামে একটি দোকানের গুদামে অভিযান চালিয়ে মজুদ করে রাখা ৬ হাজার ১২০ লিটার ভোজ্য তেল উদ্ধার করা হয়েছে। ওই দোকানের মালিককে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে আগের দামে তেলগুলো বিক্রির জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ৩৪০ লিটার বোতলজাত ভোজ্য তেল খোলা সয়াবিনের সঙ্গে মিশিয়ে বিক্রির দায়ে মিল মালিককে ২০ হাজার টাকা এবং অবৈধভাবে ১১৮ লিটার মজুদের দায়ে আরেক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে। গতকাল অভিযান চালান দুর্গাপুরের সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুল ইসলাম ও জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মো. শাহ আলম।
