ঢাকার মানুষ ৪৫ টাকা কেজি পেঁয়াজ কিনবে এটা আমিও চাই; এটা অস্বাভাবিক না বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
গতকাল সচিবালয়ে সাংবাদিকদের সংগঠন ‘বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম’ আয়োজিত সংলাপে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, প্রতি কেজি পেঁয়াজের উৎপাদন খরচ ১৮ থেকে ২০ থেকে টাকা পড়ে। ‘কৃষকের জন্য কেজি প্রতি পেঁয়াজ ২৫ টাকা ও ভোক্তা পর্যায়ে ৪৫ টাকা হলে সমস্যা হবে না। কৃষক ২৫ টাকার কমে দাম পেলে উৎপাদনে আগ্রহী হবে না।’ কৃষকদের ‘বৃহত্তর স্বার্থের কথা বিবেচনা করে’ সরকার পেঁয়াজ আমদানি বন্ধ রেখেছে বলেও জানান মন্ত্রী।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিশ্ব বাজারে নিত্যপণ্যের দাম বাড়ছে, এজন্য এখন থেকে মানুষকে সাশ্রয়ী হতে হবে। অপ্রয়োজনীয় জিনিসপত্র বর্জন করতে হবে। তেল-চিনি-ডালসহ বিভিন্ন পণ্যের ৯০ শতাংশ আমদানি করে চাহিদা পূরণ করতে হয়। আন্তর্জাতিক বাজারের দাম বাড়লে দেশের কিছু করার থাকে না।
