খুলনায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) এক কর্মকর্তার বিরুদ্ধে এক কলেজছাত্রীকে (২০) ধর্ষণের অভিযোগ উঠেছে। গত রবিবার দুপুরে খুলনা মহানগরীর ৯ নম্বর ছোট মির্জাপুর রোডস্থ কাগজী হাউজ নামক বাড়িতে এ ঘটনা ঘটেছে। রবিবার ওই ছাত্রীর বাবা পিবিআই খুলনার পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) আহসান মাসুদকে প্রধান আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেছেন। এদিকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে বরিশাল সিটি কপোরেশনের ৫নং ওয়ার্ড কাউন্সিলর কেফায়েত হোসেন রনির (৩৫) বিরুদ্ধে মামলা করেছেন এক তরুণী। গতকাল দুপুরে ওই তরুণী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে মামলাটি করেন।
আলোচিত এ দুই ঘটনা ছাড়াও খুলনার বটিয়াঘাটায় দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন দুই বোন। নারায়ণগঞ্জের আড়াইহাজারে জন্মদিনের অনুষ্ঠানের কথা বলে ডেকে নিয়ে এক তরুণীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। সিরাজগঞ্জের শাহজাদপুরে চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এক রিকশাচালককে।
দেশ রূপান্তরের সংশ্লিষ্ট এলাকার নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত
খুলনায় পুলিশ পরিদর্শকের বিরুদ্ধে মামলা : খুলনার কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগের প্রাথমিক সত্যতা মিলেছে। ওই কলেজছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে। তবে ঘটনার মূল অভিযুক্ত আহসান মাসুদকে এখনো গ্রেপ্তার করা যায়নি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কলেজছাত্রী ওই মেয়েটির বাড়ি খুলনার ডুমুরিয়া উপজেলায়। তিনি ২০২১ সালে সরকারি বিএল কলেজ থেকে এইচএসসি পাস করেন। মোবাইল ফোন অথবা ফেইসবুকের ছবি সংক্রান্ত কোনো একটি সমস্যা নিয়ে পাঁচ দিন আগে মাসুদের কাছে আসেন। এ সুবাদে তাকে সহযোগিতা করার কথা বলে মাসুদ ছোট মির্জাপুর রোডের কাগজী হাউজে দৈনিক ইনকিলাবের অফিসের কক্ষে নিয়ে সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়ে তাকে ধর্ষণ করেন। এ ঘটনার পরই মেয়েটি কোতোয়ালি থানায় গিয়ে অভিযোগ করেন। এরপর পুলিশ তাকে নিয়ে ঘটনাস্থলে যায়।
কোতোয়ালি থানার ওসি হাসান আল মামুন জানান, প্রাথমিকভাবে এ ঘটনার সত্যতা পাওয়া গেছে। ওই কলেজছাত্রীকে খুমেক হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে।
দৈনিক ইনকিলাবের খুলনা ব্যুরো প্রধান ডি এম রেজা সোহাগ বলেন, এক বছর আগে দৈনিক ইনকিলাবে যে দুজন কর্মরত ছিলেন তাদের কর্র্তৃপক্ষ অব্যাহতি দিয়েছে। এছাড়া ওই সময় অফিসটিও ছেড়ে দেওয়া হয়েছে। বর্তমানে ওখানে ইনকিলাবের কোনো অফিস নেই।
ইনকিলাবের অপর প্রতিনিধি আবু হেনা মুক্তি বলেন, বটিয়াঘাটার মাছ ব্যবসায়ী হাসান তারেক জাকির ও বাচ্চু আলী বেগ নামে দুজনের সঙ্গে তারা যৌথভাবে অফিস ভাড়া নেন। এক পাশে ইনকিলাবের অফিস, অন্য পাশে তারা বসতেন। তিনি খুলনার বাইরে থাকায় হাসান তারেক জাকির পিবিআই ইন্সপেক্টর মাসুদসহ ওই মেয়েকে নিয়ে অফিসে যায় বলে তিনি শুনেছেন।
দুই বোনকে দল বেঁধে ধর্ষণ : এদিকে খুলনার বটিয়াঘাটা উপজেলার বালিয়াডাঙ্গি ইউনিয়নের ফুলবাড়ী গ্রামে দুই বোনকে হাত-পা বেঁধে দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। শনিবার মধ্যরাতে এই ধর্ষণের ঘটনা ঘটে। তবে রবিবার রাতে তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ঘটনাটি জানাজানি হয়। এ ঘটনায় মুজাহিদ, আজিজুল ও নাঈমকে র্যাব ও পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে।
দলবদ্ধ ধর্ষণের শিকার দুজনের মধ্যে একজন ১৩ বছর বয়সী স্কুলছাত্রী। অন্যজন ২৪ বছর বয়সী স্বামী পরিত্যক্তা নারী। সম্পর্কে তারা দুজন খালাতো বোন।
ধর্ষণের শিকার স্কুলছাত্রীর মা জানান, শনিবার বিকেলে তিনি বোনের বাড়ি ডুমুরিয়া যান। তার স্বামী চিকিৎসার জন্য বাগেরহাটে গিয়েছিলেন। এ সময় দুই বোন বাড়িতে একা ছিল। মধ্যরাতে ৭ যুবক তাদের বাড়িতে যায়। সেখান থেকে কয়েকজন ঘরে গিয়ে দুই বোনের হাত ও মুখ বেঁধে ধর্ষণ করে। এ সময় আরও কয়েকজন ঘরের বাইরে পাহারায় ছিল। পরে ভোররাতে তার মেয়ে তাকে ফোন করে ঘটনাটি জানায়।
বটিয়াঘাটা থানার ওসি (তদন্ত) মো. জাহিদুর রহমান বলেন, ধর্ষণের ঘটনাটি জানতে পেরে তিনি হাসপাতালে গিয়ে ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন।
ওই থানার ওসি মো. শাহজালাল বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ওয়ার্ড কাউন্সিলরের বিরুদ্ধে তরুণীর ধর্ষণ মামলা : বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে বরিশাল সিটি কপোরেশনের ৫নং ওয়ার্ড কাউন্সিলর কেফায়েত হোসেন রনির (৩৫) বিরুদ্ধে আদালতে মামলা করেছেন এক তরুণী। গতকাল দুপুরে ওই তরুণী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে মামলাটি করেন।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. ইয়া রব হোসেন মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, বরিশাল সিটি কপোরেশনের ৫নং ওয়ার্ড কাউন্সিলর ও বৌ বাজার কসাইাড়ির পুল এলাকার রফিকুল ইসলাম মঞ্জুর ছেলে কেফায়েত হোসেন রনির সঙ্গে নগরের হযরত কালুশাহ সড়ক এলাকার বাসিন্দা ও সদ্য এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ তরুণীর মোবাইল ফোনে যোগাযোগ হয়। যোগাযোগের একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর চলতি বছরের ৭ মে জরুরি কথা আছে বলে রনি তাকে বৌ বাজারের বাসায় ডেকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন। পরে আরও কয়েক দফায় একই ঘটনা ঘটান রনি। পরে গত ১২ মে তরুণীকে ডেকে তার মোবাইলে থাকা তাদের ছবি ও ভিডিও ডিলিট করেন রনি। পরে বিষয়টি কাউকে জানালে হত্যার হুমকি দেন। পাশাপাশি গত ১৪ মে রনি বরিশাল কাউনিয়া থানায় ওই তরুণীর বিরুদ্ধে মামলাও করেন। পরে কাউনিয়া থানা পুলিশের পরামর্শে মামলা করেন ওই তরুণী।
তবে কেফায়েত হোসেন রনি বলেন, ওই তরুণীকে আমি চিনি না। সে হুট করে এসে বিয়ের কথা বলে। এ জন্যই তার বিরুদ্ধে আমি মামলা করেছি। পরে সেও মামলা করেছে। আমি ষড়যন্ত্রের শিকার।
জন্মদিনের অনুষ্ঠানের নামে ডেকে তরুণীকে ধর্ষণ : নারায়ণগঞ্জের আড়াইহাজারে জন্মদিনের অনুষ্ঠানের নামে এক তরুণীকে (১৯) বাড়িতে ডেকে এনে ধর্ষণের অভিযোগে কথিত প্রেমিক সুমন মিয়ার বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, এক বছর পূর্বে গাজীপুরা এলাকার আফছরউদ্দিনের ছেলে সুমনের সঙ্গে ওই তরুণীর পরিচয় হয়। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ৮ মে সন্ধ্যায় আড়াইহাজার পৌরসভাধীন গাজীপুরা এলাকায় সুমনের জন্মদিন ছিল। এই অনুষ্ঠানে তাকে দাওয়াত করা হয়। সন্ধ্যায় সে সুমনের জন্মদিনে শুভেচ্ছা জানাতে ফুল ও চকলেট নিয়ে তার বাড়িতে যায়। তখন সুমন তাকে ধর্ষণ করে।
আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান মোল্লা জানান, মামলা গ্রহণ করা হয়েছে। আসামি সুমনকে গ্রেপ্তারে অভিযান চলছে।
শাহজাদপুরে ৪ বছরের শিশুকে ধর্ষণ : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে হুমায়ুন কবির (৪৫) নামে এক রিকশাচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শিশুটির মা জানান, গত রবিবার সন্ধ্যায় তার মেয়ে বাড়িতে একা একা খেলা করছিল। তখন হুমায়ুন কবির ভাত খাওয়ানোর কথা বলে মেয়েকে তার ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি বাড়ি ফিরে তাকে জানায় ও অসুস্থ হয়ে পড়ে। গতকাল বিকেলে উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
শাহজাদপুর থানার এসআই কাঞ্চন কুমার জানান, অভিযুক্ত ধর্ষক হুমায়ুন কবিরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
