টেস্টের ২২ বছরের ইতিহাসে ওপেনিংয়ে বাংলাদেশের পক্ষে অষ্টম শতরানের জুটি গড়লেন তামিম ইকবাল ও মাহমুদুল হাসান জয়। ৭ ও ৮ নম্বর জুটির মাঝে চলে গেছে ৫ বছর ও ৬১ ইনিংস। সর্বশেষ জুটিটি হয়েছিল ২০১৭ সালে। গল টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে সৌম্য সরকারকে নিয়ে ১১৮ রানের জুটি গড়েছিলেন তামিম ইকবাল। কাকতালীয়ভাবে বাংলাদেশের ৮টি শতরানের জুটিতে জড়িয়ে আছে চট্টগ্রামের খান পরিবার। দেশের পক্ষে ওপেনারদের প্রথম শতরানের জুটি ছিল নাফিস ইকবাল ও জাভেদ ওমর বেলিমের। ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ১৩৩ রানের জুটি গড়েছিলেন তারা। বাকি সাতটি জুটিতে অবদান তামিমের। সঙ্গী বদল হলেও এ বাঁহাতি ছিলেন প্রতিবারই। সর্বোচ্চ চারবার তার সঙ্গী ছিলেন ইমরুল কায়েস। তারাই সর্বোচ্চ ৩১২ রানের ওপেনিং জুটির মালিক। ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে খুলনায় এ জুটি গড়েছিলেন তারা।
×
