বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অসুস্থ হয়ে পড়ায় তাকে রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে তাকে ভর্তি করা হয় বলে দেশ রূপান্তরকে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
শায়রুল কবির খান জানান, মির্জা আব্বাস দুদিন ধরে পেটের পীড়ায় ভুগছেন। পরিবারের পক্ষ থেকে তার সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে।
বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন, মির্জা আব্বাস ভাইয়ের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। হাসপাতালের বাইরে থেকেও কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসককে আনা হয়েছে। হাসপাতালের গ্যাস্ট্র্রো অ্যান্ট্রালজি বিভাগের অধ্যাপক আরেফিন সিদ্দিকীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন তিনি।
এদিকে গতকাল দুপুরে হাসপাতালে গিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। পরে বিএনপি মহাসচিব পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন নাটোর জেলা ছাত্রদলের এস এম মোস্তফা আনাম ও শরিফুল ইসলাম সুমনকে দেখতে যান।
এদিকে গত রবিবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান অসুস্থ হলে তাকে রাজধানীর বসুন্ধরার এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে আইসিইউতে রাখা হয়। গতকাল সন্ধ্যার পর বাসায় ফেরেন মঈন খান।
