ভারত গম রপ্তানি বন্ধের ঘোষণা দিলেও আগে খোলা ঋণপত্রের (এলসি) গম সরবরাহ করা হবে বলে জানিয়েছিল। কিন্তু গতকাল মঙ্গলবার পুরনো এলসির গম আসেনি দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে।
বন্দরের আমদানিকারদের সূত্রে জানা গেছে, গতকাল সকাল থেকে হিলি দিয়ে গম আমদানি বন্ধ রয়েছে। বিকেল সাড়ে ৩টা পর্যন্ত কোনো গম আসেনি। আগের দিন সোমবার হিলি স্থলবন্দর দিয়ে গম আমদানি হলেও পরিমাণ ছিল খুব কম।
গত শুক্রবার ভারতে বাণিজ্য মন্ত্রণালয় গম রপ্তানি বন্ধ করে প্রজ্ঞাপন জারি করে। গত রবিবার বাংলাদেশে ভারতীয় দূতাবাস সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানায়, প্রজ্ঞাপন জারির আগে হওয়া চুক্তির গম রপ্তানিতে এর কোনো প্রভাব পড়বে না। প্রতিবেশী দেশগুলো নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে।
হিলি স্থলবন্দরের গম আমদানিকারক হায়াৎ মোহাম্মদ শেরেগুল ইসলাম বলেন, ১২ মে পর্যন্ত যেসব গমের এলসি দেওয়া হয়েছিল, সেগুলো রপ্তানির প্রতিশ্রুতি দিয়েছিল ভারত। সেই সঙ্গে যেসব এলসির বিপরীতে দরপত্র প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছিল, সেই সব এলসির গম তারা আধাবেলা বন্ধের পর শনিবার দুপুরের পর থেকে দিচ্ছিল। কিন্তু হঠাৎ করে সোমবার থেকে আবারও ভারতীয় কাস্টমস তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা না পাওয়ায় নতুন করে কোনো দরপত্র করছে না। যার কারণে বন্দর দিয়ে গম আসছে না। গত শনিবার যেসব এলসির গম বাংলাদেশে ঢুকেছিল, সেই সব চালানের কিছু গম বাকি ছিল। সোমবার অবশিষ্ট গম এসেছে।
হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, গত শনিবার বন্দর দিয়ে সকাল থেকে দুপুর পর্যন্ত গম আমদানি বন্ধ ছিল। অবশ্য দুপুরের পর থেকে আবারও গম আমদানি শুরু হয়। সেদিন বন্দর দিয়ে ১ হাজার ৯২৩ টন গম আমদানি হয়েছিল। রবিবার বুদ্ধপূর্ণিমা উপলক্ষে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ছিল। সোমবার আবার শুরু হলেও গম এসেছে ৬ ট্রাকে ২৪১ টন। গতকাল সকাল থেকে আর কোনো গম আসেনি।
