শরিফুলের ইনজুরি ভাবনায় মোস্তাফিজ নিয়ে ভাবনা

আপডেট : ১৯ মে ২০২২, ১১:০১ পিএম

দেশের মাটিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম পয়েন্ট। শ্রীলঙ্কার বিপক্ষে পঞ্চম টেস্ট ড্রয়ের সঙ্গে এটাই বড় প্রাপ্তি। সেই সঙ্গে অধিনায়ক মুমিনুলের প্রাপ্তির খাতায় ব্যাটারদের রান পাওয়া ও দলগতভাবে ভালো করা। কিন্তু ইনজুরির মিছিল যে বাড়ছে মুমিনুল সেই চিন্তা থামাবেন কী করে। টেস্টের পঞ্চম দিন শুরুই হয় বাজে খবরে। শরিফুল ইসলাম হাতের ইনজুরিতে এই সিরিজ থেকেই ছিটকে গেছেন। খেলতে পারবেন না উইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজেও। তাসকিন আহমেদ কাঁধের ইনজুরিতে এ সিরিজেও নেই, উইন্ডিজেও থাকছেন না। শ্রীলঙ্কার সঙ্গে মিরপুর টেস্ট ও উইন্ডিজের দুটি মিলিয়ে তিন টেস্টের জন্য টেস্ট খেলায় অভিজ্ঞ এবাদত হোসেন ও খালেদ আহমেদ ছাড়া আর পেসার নেই। তাই নাম চলে আসছে মোস্তাফিজুর রহমানের। তবে আইপিএল খেলতে বোর্ড থেকে ছুটি নিয়ে ভারতে অবস্থানরত মোস্তাফিজের দলে ঢোকার বিষয়টি এখনো নিশ্চিত নয়।

পেসারদের নিয়ে এই দুর্ভাবনার সহজ সমাধান সোমবার থেকে শুরু মিরপুরে একজন পেসার নিয়ে খেলা। দ্বিতীয় টেস্টের দলও কাল দিয়েছে বিসিবি। কিন্তু তাতে নেই নতুন পেসার। এবাদত, খালেদের সঙ্গে আছেন রাজা ও শহিদুল। ইয়াসির আলি রাব্বি মিরপুরের টেস্টে একাদশে ফিরলে এক পেসার নিয়েই নামবে বাংলাদেশ। তবে চিন্তা উইন্ডিজ সফর নিয়ে। অ্যান্টিগা ও সেন্ট লুসিয়ার দুই টেস্টে দুই পেসার খেলাতেই হবে। মোস্তাফিজ তাই বেশ ভালোভাবেই চিন্তায় চলে আসছেন। তাছাড়া শরিফুল না থাকায় একজন বাঁহাতি পেসারও নেই দলে। ডানহাতি-বাঁহাতি বোলিং কম্বিনেশনের জন্যও মোস্তাফিজকে এখন দলের প্রয়োজন। এই প্রয়োজনের কথাই বলেছেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন। দরকার হলে ফিজকে টেস্টে খেলাবেন। আর টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন তো উইন্ডিজে ফিজকে খেলাতেই চান।

কাল প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুও জানালেন আইপিএল খেলতে থাকা ফিজের সঙ্গে কথাও বলেছেন তারা, ‘মোস্তাফিজের সঙ্গে আগামী সিরিজ নিয়ে আমার কথা হয়েছে। ঢাকায় গিয়ে আমরা উইন্ডিজ সিরিজের দল তৈরি করব। তখন এসব বিষয়ে আলোচনা করা যাবে।’ তবে মুমিনুল মোস্তাফিজকে পাওয়া নিয়ে আশা রাখলেও সিদ্ধান্তটা ছেড়ে দিয়েছেন বোর্ডের ওপর, ‘আসলে আপনাকে দেখতে হবে মোস্তাফিজ লাল বলে কতদিন খেলেছে। এখানে কিন্তু অনেক কিছু নির্ভর করে। আর ফিটনেসের একটা ইস্যু থাকে। আমাদের ফ্রন্ট লাইনের দুজন পেসার নেই শরিফুল-তাসকিন। যদি প্রয়োজন হয় তবে অবশ্যই সে খেলবে। সত্যি বলতে আমাদের দেশের কোনো পেস বোলারই অভিজ্ঞ নয়। সবার সব মিলিয়ে টেস্ট খেলার সংখ্যা ২০-ও হবে কিনা সন্দেহ। আমার কাছে অভিজ্ঞতাটা তাই অনেক বড় ব্যাপার। আর মোস্তাফিজের বিষয়টাতে বোর্ড সিদ্ধান্ত নেবে।’

চট্টগ্রাম টেস্ট ড্রয়ে পেসার সংকটকে একটি কারণ বলেছেন মুমিনুল। এই টেস্টে দ্বিতীয় ইনিংসে শরিফুল বল করতেই পারেনি। স্পিনারদের ওপর ভরসা করে দল হিসেবে ভালো করায় স্বস্তি অধিনায়কের। তাছাড়া প্রচ- গরমে ব্যাটিং উইকেটে পেসারদের ওপর চাপ দিতে চাননি বলেও জানান। কিন্তু মিরপুরে স্পষ্ট ব্যাটিং উইকেট না। সেখানে বোলারদের জন্য কিছু থাকছে। তাই মিরপুরের জন্য মানসিকভাবে প্রস্তুতির তাগিদ দেন মুমিনুল, ‘আমি আগেই বলেছি দল হিসেবে খেললে আমরা বরাবরই ভালো করি। তখন ফল ভালো আসে। যদি আপনি পাঁচ দিনের খেলাই দেখেন, ওদের আর আমাদের, এই উইকেটটা এমন একটা উইকেট ছিল যেখানে আপনি টিকে থাকতে পারবেন। কিন্তু যদি বেশি উত্তেজিত হয়ে যান তাহলে উইকেট হারানোর সম্ভাবনাটা বেড়ে যায়। এখানে পেসারদের জন্য কঠিন ছিল। ব্যাটিং উইকেট, তার ওপর আবার প্রচ- গরম। তবে মিরপুরে তেমনটা থাকবে না। সেটা তো অনুশীলন করেই সেট করা যায়। আমরা এই দিকটার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকব।’

সেই প্রস্তুতিটা কেমন তা জানাননি মুমিনুল। বাংলাদেশ বরাবরই ম্যাচের আগের দিন দল ও পরিকল্পনা ঠিক করে। তাই আগে থেকে প্ল্যান বি সম্ভবত থাকেই না বাংলাদেশের। আর তখনই কোনো ক্রিকেটার ইনজুরিতে পড়লে কাকে খেলানো হবে সেই সিদ্ধান্ত চট করে নেওয়া যায় না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত