সাগরে মাছ ধরায় ৬৫ দিনের নিষেধাজ্ঞা

আপডেট : ২০ মে ২০২২, ০২:৩৩ এএম

সামুদ্রিক মাছের বাধাহীন প্রজনন ও মৎস্য সম্পদের সুরক্ষায় সাগরে মাছ ধরার ওপর ৬৫ দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুরু হওয়া এ নিষেধাজ্ঞা আগামী ২৩ জুলাই পর্যন্ত বলবৎ থাকবে।

মেরিন ফিশারিজ অরডিন্যান্স অনুযায়ী, বঙ্গোপসাগরে প্রতি বছর ৬৫ দিন মাছ ধরা নিষিদ্ধ। ২০১৫ সালে এ নিষেধাজ্ঞা চালু হয়। শুরুতে শুধু ইন্ডাস্ট্রিয়াল ট্রলার নিষেধাজ্ঞার আওতায় থাকলেও ২০১৯ সালে সব ধরনের নৌযানকে এই নিষেধাজ্ঞার আওতায় আনা হয়।

এদিকে সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা শুরু হওয়ায় পটুয়াখালীতে দেশের অন্যতম বৃহৎ মৎস্যবন্দর আলিপুর-মহিপুর এবং গলাচিপা ও রাঙ্গাবালী উপজেলার বিভিন্ন নদী মোহনায় আশ্রয় নিয়েছে মাছ ধরার কয়েক হাজার ট্রলার। শুরু থেকেই মাছ ধরায় এ নিষেধাজ্ঞার বিরোধিতা করে আসছে স্থানীয় জেলে, ব্যবসায়ী ও মৎস্যজীবীরা। ভারতের সঙ্গে সমন্বয় করে ৬৫ দিনের নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছেন তারা। পাশাপাশি এ সময় গভীর সাগরে ভারতীয় জেলেদের মাছ শিকার বন্ধ চান তারা।

মৎস্য অধিদপ্তর জানিয়েছে, নিষেধাজ্ঞা চলাকালে জেলার নিবন্ধিত ৪৭ হাজার ৮০৫ জন ইলিশ শিকারি জেলেকে মাথাপিছু ৮৬ কেজি করে চাল দেওয়া হবে। তবে এ খাদ্য সহায়তাকে অপ্রতুল বলছেন জেলেরা। তারা জানিয়েছেন, এমনিতেই করোনাকালে জেলেদের রোজগারে টান পড়ায় তারা ঋণ আর ধারদেনায় জর্জরিত। এরপর আবার সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকায় সংসার চালানো নিয়ে উদ্বেগের মধ্যে আছেন তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত