প্রথমবারের মতো টানা ১ মাস করোনায় মৃত্যুহীন দেশ

আপডেট : ২১ মে ২০২২, ০১:৫৭ এএম

দেশে করোনা মহামারী দেখা দেওয়ার পর এই প্রথমবারের মতো টানা এক মাস মৃত্যুহীন কাটল। গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত কেউ মারা যায়নি। এ নিয়ে ৩০ দিনে করোনায় কোনো মৃত্যুর খবয় দেয়নি স্বাস্থ্য অধিদপ্তর। ২০২০ সালের ১৮ মার্চ দেশে করোনায় প্রথম মৃত্যুর পর আর কখনো টানা এক মাস মৃত্যুহীন থাকেনি দেশ। এর আগে সর্বশেষ করোনায় একজনের মৃত্যু হয় গত ২০ এপ্রিল।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এখন পর্যন্ত দেশে করোনায় মারা গেছে ২৯ হাজার ১২৭ জন। এর মধ্যে বেশি মারা গেছে ঢাকা বিভাগে ১২ হাজার ৭৯৭ জন, যা মোট মৃত্যুর ৪৪ শতাংশ এবং কম মারা গেছে ময়মনসিংহ বিভাগে ৮৮০ জন, যা মোট মৃত্যুর ৩ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৬ হাজার ৩১৩ জনের। এর মধ্যে নতুন রোগী শনাক্ত হয়েছে ৫০ জন। নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত রোগী ১৯ লাখ ৫৩ হাজার ১৮৮ জন। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৭৯ শতাংশ। এর আগের দিন এই হার ছিল শূন্য দশমিক ৬০ শতাংশ। সার্বিক শনাক্তের হার দাঁড়িয়েছে ১৩ দশমিক ৮৮ শতাংশ। আর মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।

আর মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ১২৭ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ২২১ জন। তাদের নিয়ে ১৯ লাখ ৫৭৫ জন সেরে উঠলেন।

গত ২৪ ঘণ্টায় শনাক্ত নতুন রোগীর মধ্যে ৪৫ জনই ঢাকা জেলার বাসিন্দা। এ ছাড়া রাজশাহীর দুই, নওগাঁর এক, জয়পুরহাটের এক এবং সিলেটের একজন রয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত