ওবায়দুল কাদেরের বিবৃতি

প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বিএনপি

আপডেট : ২১ মে ২০২২, ০১:৫৮ এএম

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সফলভাবে পদ্মা সেতু নির্মাণ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্য নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপি নেতারা দুরভিসন্ধিমূলকভাবে ভুল ব্যাখ্যা দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন। গতকাল শুক্রবার গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাদের এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘জনকল্যাণমুখী সৎ-সাহসী ও দেশপ্রেমিক নেতা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকলে কোনো ষড়যন্ত্রই একটি জাতিকে পিছিয়ে দিতে পারে না বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ও পদ্মা সেতু তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। সকল প্রতিবন্ধকতা ডিঙিয়ে সফলভাবে পদ্মা সেতু নির্মাণ নিয়ে শেখ হাসিনার দেওয়া বক্তব্য নিয়ে বিএনপি নেতারা বিভ্রান্তি সৃষ্টির পাঁয়তারা করছেন। তথাকথিত ‘হত্যার হুমকি’র বয়ানও তৈরি করছেন।’

তিনি বলেন, বিরোধী পক্ষকে দমন ও পীড়নের রাজনীতি আওয়ামী লীগ কোনোদিন করেনি। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভালো করেই জানা উচিত যে, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা যদি খালেদা জিয়ার মৃত্যুই কামনা করতেন তাহলে উচ্চ আদালত কর্তৃক একাধিকবার জামিন বাতিল হওয়ার পরেও দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত আসামিকে ঘরে রেখে উন্নত ও আধুনিক চিকিৎসার ব্যবস্থা করতেন না; বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে মেডিকেল বোর্ড গঠন করার সুযোগ দিতেন না।

ওবায়দুল কাদের বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সফল নেতৃত্বে বদলে যাওয়া বাংলাদেশের একটি অনন্য মাইলফলক হলো নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ। আওয়ামী লীগ সরকার পদ্মা সেতু নির্মাণের কার্যক্রম শুরু করার পর থেকেই বিএনপি ও তার দোসররা এর বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে।’  

তিনি বলেন, শেখ হাসিনা একজন স্বপ্নবান মানুষ, যিনি বাংলার মানুষের ভাগ্যোন্নয়নে নিরলসভাবে স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বাংলার মানুষ শেখ হাসিনার মহিমান্বিত নেতৃত্বকে মূল্যায়ন করবে। ২০০৮ সালে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার পরিচালনার দায়িত্ব গ্রহণের পর একের পর এক লক্ষ্যমাত্রা অর্জন করে চলেছে। রূপকল্প-২০২১ ইতিমধ্যে বাস্তবায়িত হয়েছে। সামনে প্রেক্ষিত পরিকল্পনা-২০৪১ রয়েছে। শেখ হাসিনা ভিশনারি কর্মপরিকল্পনার মধ্য দিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখতে শতবর্ষীয় ‘ডেল্টা প্ল্যান-২১০০’ ঘোষণাও করেছেন।

ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ শিষ্টাচারের কথা বলছেন।

আপনাদের শিষ্টাচারের ভাষা তো গ্রেনেড, গুলি আর ষড়যন্ত্র। সুতরাং শেখ হাসিনাকে শিষ্টাচার শেখাতে আসবেন না। এদেশের রাজনীতিতে শিষ্টাচার ও উদারতা যদি কেউ দেখিয়ে থাকেন তিনি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনার রাজনৈতিক সততা, সাহসিকতা, নিষ্ঠা এবং বলিষ্ঠ নেতৃত্ব আজ তাকে বিশ^সভায় এক অনন্য সফল রাষ্ট্রনায়ক হিসেবে অভিষিক্ত করেছে। গত চার দশকে বাংলাদেশের যা কিছু মহৎ অর্জন তা শেখ হাসিনার নেতৃত্বেই হয়েছে।

তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়ন-অগ্রগতি ও সমৃদ্ধির অভিযাত্রায় এগিয়ে যাচ্ছে। আগামীতেও এগিয়ে যাবে। কোনো প্রকার ষড়যন্ত্র ও অপপ্রচার অগ্রগতির এই গতিধারা থামাতে পারবে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত