২৬ মাস পর স্বাভাবিক হচ্ছে বাংলাদেশ-ভারত ট্রেন চলাচল। কভিডের কারণে বন্ধ হয়ে পড়া ট্রেন চলাচল শুরু হচ্ছে ২৯ মে থেকে। গতকাল শুক্রবার ঢাকায় ভারতীয় হাইকমিশনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা-কলকাতা ‘মৈত্রী এক্সপ্রেস’ ও কলকাতা-খুলনার ‘বন্ধন এক্সপ্রেস’ ২৯ মে থেকে পুনরায় চালু হবে। এদিন মৈত্রী এক্সপ্রেস ঢাকা থেকে যাত্রা করবে। আর কলকাতা থেকে যাত্রা করবে বন্ধন এক্সপ্রেস। করোনা মহামারী শুরু হলে ২০২০ সালের ১৫ মার্চ আন্তঃসীমান্ত রেলসেবা বন্ধ করে দেওয়া হয়েছিল।
এ ছাড়া আগামী ১ জুন থেকে ঢাকা-নিউ জলপাইগুড়ির মধ্যে চলাচল করবে মিতালী এক্সপ্রেস ট্রেন। এটি জলপাইগুড়ি থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবে। ২০২০ সালের ১৭ ডিসেম্বর প্রধানমন্ত্রী পর্যায়ের ভার্চুয়াল দ্বিপক্ষীয় শীর্ষ সম্মেলনে উভয় দেশের প্রধানমন্ত্রী যৌথভাবে এই রেলপথ উদ্বোধন করেছিলেন। এরপর ২০২১ সালের ২৭ মার্চ এ রেলপথে যাত্রীবাহী মিতালী এক্সপ্রেস চালুর সিদ্ধান্ত জানানো হয়েছিল।
সে সময় বলা হয়েছিল, সপ্তাহে দুই দিন ঢাকা ও জলপাইগুড়ি থেকে মিতালী ছেড়ে যাবে। কিন্তু মহামারী পরিস্থিতির উন্নতি না হওয়ায় তা আর হয়নি। ১ জুন দুই দেশের রেলমন্ত্রীরা ভার্চুয়ালি এই পথের ট্রেন চলাচল উদ্বোধন করবেন। তারপর নিউ জলপাইগুড়ি থেকে ছেড়ে আসবে মিতালী এক্সপ্রেস।
