পাকস্থলীর সমস্যা নিয়ে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার কোনো উন্নতি নেই। মুখে কিছু খেতে পারছেন না তিনি। স্যালাইনের মাধ্যমে নিউট্রিশন দেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে। গতকাল শুক্রবার দেশ রূপান্তরকে এসব কথা জানিয়েছেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।
রফিকুল ইসলাম বলেন, ‘হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে তার আলট্রাসনোগ্রামসহ বিভিন্ন পরীক্ষানিরীক্ষা চলছে। আরও কিছু পরীক্ষানিরীক্ষা করা হবে। তারপর প্রয়োজন হলে অপারেশন করা লাগতে পারে। তবে এখনই চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না।’
গত ১৭ মে ভোরে পাকস্থলীর অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হন মির্জা আব্বাস। মির্জা আব্বাসের স্ত্রী ও মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস গণমাধ্যমকে জানিয়েছেন, পেটের সমস্যা নিয়ে গত তিন দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন আছেন মির্জা আব্বাস। তার অবস্থা ভালো নয়। এখন পর্যন্ত শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি।
