শীত বা গ্রীষ্ম বলে নয়, পা ফাটার সমস্যা সারাবছরই লেগে থাকে। শীতে পা ফাটার, ঠোঁট ফাটার সমস্যা বেশি দেখা যায়। তবে গরমেও পা ফাটে। গরমে পা ফাটার অন্যতম কারণ শরীরে পর্যাপ্ত জলের অভাব ঘটে এ সময়ে। ঘামের সঙ্গে অনেকটা জল বেরিয়ে যায়। গরমে ডিহাইড্রেশনের সমস্যাও খুব বেশি হয়। সে সঙ্গে আবহাওয়ার পরিবর্তনের প্রভাব পড়ে শরীরে। ধুলো, দূষণের প্রভাবে পা ফাটা, গোড়ালি ফাটার সমস্যা বেশি করে দেখা যায়। আসুন, জেনে নিই পা ফাটার সমস্যা কমাতে কী করবেন
স্ক্রাবিং : পা ফাটা বলে নয়, গরমে ত্বক ভালো রাখতে নিয়মিত স্ক্রাবিং ভীষণ প্রয়োজন। শীতের চেয়ে গরমে ত্বকে ময়লা জমা হয় বেশি। ভালো করে স্ক্রাব করে জমে থাকা ময়লা, ত্বকের মৃত চামড়া তুলে ফেলা প্রয়োজন। স্ক্রাবিংয়ের পর গরম জলে পা ধুয়ে নিতে ভুলবে না। নিয়মিত স্ক্রাব করার অভ্যাসে পা ফাটার সমস্যা দূর হবে।
ময়েশ্চারাইজার : পা ফাটা কমাতে শুধু স্ক্রাবিংই যথেষ্ট নয়। ব্যবহার করতে হবে ময়েশ্চারাইজারও। এতে পা কোমল থাকবে। তবে ময়েশ্চারাইজার মেখে হাঁটাচলা করা যাবে না। তাই রাতে ঘুমাতে যাওয়ার আগে পায়ে মেখে নিন ময়েশ্চারাইজার।
অ্যালোভেরা : ত্বকের অনেক সমস্যা দূর করতে দারুণ কাজ করে অ্যালোভেরা। পা ফাটার সমস্যা রুখতে ব্যবহার করতে পারেন অ্যালোভেরা। বেশি ভালো হয় যদি অ্যালোভেরার জেলের সঙ্গে মধু মিশিয়ে মাখতে পারেন।
