কাদের বললেন

বাংলাদেশকে ইউরোপের সঙ্গে তুলনা করতে হবে

আপডেট : ২২ মে ২০২২, ০৫:১১ এএম

শ্রীলঙ্কা, আফগানিস্তান কিংবা পাকিস্তানের সঙ্গে নয়, বাংলাদেশকে ইউরোপ-আমেরিকার সঙ্গে তুলনা করতে বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘যতদিন শেখ হাসিনা নেতৃত্বে থাকবেন ততদিন বাংলাদেশকে শ্রীলঙ্কা, আফগানিস্তান কিংবা পাকিস্তানের সঙ্গে তুলনা নয়, বাংলাদেশকে তুলনা করতে হবে আমেরিকা, ইউরোপের সঙ্গে।’

গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আর বেশি দূরে নয়, চন্দ্রাদীপ্ত পূর্ণিমা রাতে পদ্মা সেতু থেকে দাঁড়িয়ে বাংলার মানুষ পূর্ণিমার চাঁদ দেখতে পাবে। আগামীকাল (আজ) সারসংক্ষেপ পাঠাব নেত্রীকে। তিনি যখন সময় দেবেন সেই সময় আমরা পদ্মা সেতু উদ্বোধন করব। নেতাকর্মীদের আগাম দাওয়াত দিয়ে গেলাম।’

তিনি বলেন, ‘১৩ বছর আগের বাংলাদেশ আর আজকের বাংলাদেশ কোথায়! শেখ হাসিনা ফিরে এসেছিলেন বলেই দেশের চেহারা পাল্টে গেছে। তিনি ফিরে এসেছিলেন বলেই বাংলাদেশ আজ অন্ধকার থেকে আলোর পথের যাত্রী। শেখ হাসিনা এসেছিলেন বলে বাংলাদেশ আজ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। বঙ্গবন্ধু এই জাতিকে রাজনৈতিক স্বাধীনতা দিয়েছেন আর শেখ হাসিনা অর্থনৈতিক মুক্তি দিয়েছেন। আমাদের আজকের মুক্তি সংগ্রামের কান্ডারি তিনি।’

ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত