জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জয়ন্তীর জাতীয় উৎসবের উদ্বোধনী পর্বে অনুষ্ঠিত হবে শতকণ্ঠে ‘বিদ্রোহী’ কবিতার আবৃত্তি। নির্দেশনা দিচ্ছেন আবৃত্তিশিল্পী, প্রশিক্ষক ও বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মাহতাব সুমন।
আগামী বুধবার (১১জ্যৈষ্ঠ) কুমিল্লায় নজরুল জয়ন্তীর জাতীয় অনুষ্ঠানে এই পরিবেশনা মঞ্চস্থ হবে।
কাজী মাহতাব সুমন দেশ রূপান্তরকে বলেন, বিদ্রোহী কবিতার শতবর্ষ পূর্তি উপলক্ষে এবার রাষ্ট্র্রীয় আয়োজনের মূল ভেন্যু কুমিল্লা। উৎসবের প্রতিপাদ্য হচ্ছে ‘বিদ্রোহীর শতবর্ষ’।
তিনি আরও বলেন, ‘বিদ্রোহী কবিতার একক আবৃত্তি হয়েছে ভিন্ন ভিন্ন স্টাইলে। তবে জাতীয় আয়োজনে বিভিন্ন বয়সী আবৃত্তিকারদের যুক্ত করে শতকন্ঠে বিদ্রোহী কবিতার আবৃত্তি সম্ভবত এটাই প্রথম।’
বর্তমানে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে শতকণ্ঠে বিদ্রোহী কবিতার আবৃত্তি মহড়া চলছে। আবৃত্তিতে অংশগ্রহণ করছে শিল্পকলা একাডেমি, কবি নজরুল ইনস্টিটিউট কেন্দ্র এবং বিভিন্ন আবৃত্তি সংগঠন ও স্কুল, কলেজের নির্বাচিত আবৃত্তিকারবৃন্দ।
