সারা দেশে অভিযান চালিয়ে ৮২টি প্রতিষ্ঠানকে প্রায় ৫ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল রবিবার দিনব্যাপী অভিযান চালিয়ে এসব জরিমানা আদায় করা হয় বলে জানিয়েছে অধিদপ্তর।
অধিদপ্তরের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়ের ৩৯ জন কর্মকর্তার নেতৃত্বে ঢাকা মহানগরসহ দেশের ৩৬টি জেলায় বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী, ঢাকা মহানগরের উত্তরা জনপথ রোড, নিউ সুপার মার্কেটসহ দেশব্যাপী মোট ৪৮টি বাজার ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে পরিচালিত তদারকি কার্যক্রমের মাধ্যমে ভোক্তা-স্বার্থবিরোধী বিভিন্ন অপরাধে ৮১টি প্রতিষ্ঠানকে ৪ লাখ ৮৪ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে লিফলেট, প্যাম্ফলেট বিতরণসহ হ্যান্ডমাইকে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।
