রাজধানীর কাফরুলে বাসার ভেতরে ছুরিকাঘাতে ফাতেমা (৩৫) নামে এক গৃহকর্মীকে হত্যার ঘটনা ঘটেছে। পুলিশের ধারণা তার দ্বিতীয় স্বামী রাসেল এ হত্যা করেছে। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে।
গতকাল রবিবার বেলা পৌনে ১২টার দিকে কাফরুল ইব্রাহিমপুর ঈদগা রোডের ৯৩৯ নম্বর বাড়ির দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।
হত্যার সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। গতকাল রাত ৯টায় কাফরুল থানার ইন্সপেক্টর (অপারেশন) মো. আব্দুল বাতেন দেশ রূপান্তরকে বলেন, ‘আমরা আসামি গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছি।’
কাফরুল থানার ওসি মো. হাফিজুর রহমান জানান, রোজার ঈদের কয়েক দিন পর ঈদগা রোডের ওই বাসায় গৃহকর্মী হিসেবে কাজে যোগ দেন ফাতেমা। রবিবার বেলা পৌনে ১২টার দিকে এক ব্যক্তি ওই বাসায় ঢুকে ফাতেমাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এ সময় গৃহকর্ত্রী ফাতেমাকে বাঁচানোর চেষ্টা করেন।
