আসামে বন্যা পানিবন্দি সাড়ে ৮ লাখ মানুষ

আপডেট : ২৩ মে ২০২২, ০২:১৩ এএম

ভারী বৃষ্টিতে বন্যায় বিপর্যস্ত ভারতের আসাম রাজ্য। কয়েক দিনের মুষলধারে বৃষ্টিপাতে আসামের বেশিরভাগ জায়গা প্লাবিত। গত শনিবার আসাম কর্র্তৃপক্ষ জানিয়েছে, এই পরিস্থিতিতে ৮ লাখ ৫০ হাজারের বেশি মানুষ এবং ৩ হাজার ২০০ গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। আসাম, মেঘালয় ও অরুণাচল প্রদেশে গত ৯ দিনের বন্যায় ২৯ জন মারা গেছেন বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

গতকাল রবিবার দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, নদ-নদীর পানি বেড়ে গ্রামের পর গ্রাম তলিয়ে গেছে। ৯০ হাজার মানুষের আশ্রয় হয়েছে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রিত আশ্রয়কেন্দ্রে। শুধু আসামেই বন্যা ও ভূমিধসে এ পর্যন্ত মারা গেছেন ১৪ জন। বিহার রাজ্যে গত বৃহস্পতিবার বজ্রাঘাতে ৩৩ জনের মৃত্যু হয়েছে। এই রাজ্যে বন্যায় বহু হেক্টর আবাদি জমির ফসল ক্ষতিগ্রস্তের কথা জানিয়েছে প্রশাসন।

এদিকে ভারতের উজান থেকে আসা ঢলে প্লাবিত বাংলাদেশের সিলেট ও সুনামগঞ্জের অধিকাংশ জায়গায় ঢুকেছে বন্যার পানি। বানভাসি মানুষের সহায়তায় কাজ করে যাচ্ছে সরকার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত