অর্থ আত্মসাতের মামলায় আগাম জামিনের আবেদন খারিজ করে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের চার ট্রাস্টিকে পুলিশে সোপর্দ করেছে হাইকোর্ট। তারা হলেন রেহানা রহমান, এম এ কাশেম, মোহাম্মদ শাহজাহান ও বেনজীর আহমেদ।
গতকাল রবিবার ওই মামলায় জামিন চেয়ে চারজনের করা পৃথক আবেদনের শুনানি শেষে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।
একই সঙ্গে তাদের ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজির করতে শাহবাগ থানা পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জমি কিনতে অতিরিক্ত ৩০৩ কোটি ৮২ লাখ টাকা ব্যয় দেখিয়ে তা আত্মসাতের অভিযোগ ওঠে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের এই চার সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় গত ৫ মে ছয়জনকে আসামি করে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ চারজন ছাড়াও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ ও আশালয় হাউজিং অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমিন মো. হিলালীকে আসামি করা হয়।
মামলার এজাহারে বলা হয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও শিক্ষা মন্ত্রণালয়কে পাশ কাটিয়ে ট্রাস্টি বোর্ডের কয়েকজন সদস্যের অনুমোদন/সম্মতির মাধ্যমে ক্যাম্পাসের উন্নয়নের নামে ৯০৯৬ দশমিক ৮৮ শতাংশ জমির দাম ৩০৩ কোটি ৮২ লাখ ১৩ হাজার ৪৯৭ টাকা বেশি দেখিয়ে তা আত্মসাৎ করা হয়েছে।
এতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের তহবিলের টাকা আত্মসাতের উদ্দেশ্যে কম দামে জমি কেনা সত্ত্বেও বেশি দাম দেখিয়ে তারা প্রথমে বিক্রেতার নামে টাকা পরিশোধ করেন। পরে বিক্রেতার কাছ থেকে নিজেদের লোকের নামে নগদ চেকের মাধ্যমে টাকা নিয়ে আবার নিজেদের নামে এফডিআর করেন। পরবর্তী সময়ে নিজেরা এফডিআরের অর্থ তুলে আত্মসাৎ করেন।
এ মামলায় আগাম জামিন পেতে সম্প্রতি হাইকোর্টে আবেদন করেন এম এ কাশেম, বেনজীর আহমেদ, রেহানা রহমান ও মোহাম্মদ শাহজাহান। গত ১৮ ও ১৯ মে আবেদনের ওপর শুনানি হয়। আদালতে তাদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আজমালুল হোসেন কিউসি, এ এফ হাসান আরিফ, ফিদা এম কামাল। সঙ্গে ছিলেন ব্যারিস্টার মিজান সাঈদ।
দুদকের পক্ষে জামিনের বিরোধিতা করে শুনানি করেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।
দুদকের আইনজীবী খুরশীদ আলম খান দেশ রূপান্তরকে বলেন, ‘অপরাধের গুরুত্ব বিবেচনায় নিয়ে আগাম জামিনের আবেদন নামঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট। তাদের ২৪ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট আদালতেও নিতে বলা হয়েছে।’
অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী মিজান সাঈদ বলেন, ‘দুদক অভিযোগ করেছে, মৌজার নির্ধারিত দামের চেয়ে কম দাম দেখানো হয়েছে। জমি কিনতে বরং মৌজার নির্ধারিত দামের চেয়ে বেশি দেওয়া হয়েছে। সরকারকেও রাজস্ব দেওয়া হয়েছে। পূর্ণাঙ্গ আদেশ পেলে আমরা আপিল বিভাগে যাওয়ার সিদ্ধান্ত নেব।’
