জাতীয় কবির দেশে ফেরার সুবর্ণজয়ন্তী আজ

আপডেট : ২৪ মে ২০২২, ০২:৩৯ এএম

ভারতের পশ্চিমবঙ্গে বসবাসরত জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে ১৯৭২ সালের ২৪ মে স্বাধীন বাংলাদেশে নিয়ে আসেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজ মঙ্গলবার কবি নজরুলের বাংলাদেশে ফেরার সুবর্ণজয়ন্তী (৫০ বছর)। এ দিনটিকে ঘিরে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রশাসন।

দিনটি উদযাপন করতে আলোচনা সভা, আন্তর্জাতিক সেমিনার, সংগীত, নাটক ও চলচ্চিত্র প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া আজ সাহিত্যে ও সংগীতে দুজনকে নজরুল পদক প্রদান করবে বিশ্ববিদ্যালয়টি। সংগীতে মনোনীত হয়েছেন সুজিত মোস্তফা এবং সাহিত্যে প্রয়াত প্রীতি কুমার মিত্র।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। এ ছাড়া উপস্থিত থাকবেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা।

গতকাল সোমবার বিকেলে বিশ^বিদ্যালয়ের কনফারেন্স কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে নজরুলের দেশে ফেরার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের বিস্তারিত তথ্য তুলে ধরেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর।

তিনি বলেন, ‘সম্ভবত বাংলাদেশে প্রথম এবং একমাত্র কবি নজরুলের বাংলাদেশে আগমনের ৫০ বছর পালন করছে নজরুল বিশ^বিদ্যালয়। এটি একটি জাতীয় আয়োজন হতে পারত। সেটি না হলেও আমরা বিশ্ববিদ্যালয় থেকে আয়োজন করছি এবং তা ভালোভাবেই করছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত