প্রধানমন্ত্রী নার্ভাস হয়ে কটূক্তি করছেন : ফখরুল

আপডেট : ২৪ মে ২০২২, ০২:৩৯ এএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নির্দলীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখতে পাচ্ছেন তার দিন শেষ। এজন্য নার্ভাস হয়ে খালেদা জিয়া সম্পর্কে কটূক্তি করছেন।’

গতকাল সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী যেসব বক্তব্য দিয়েছেন তা হত্যার হুমকি। কোনো সভ্য ও গণতান্ত্রিক সমাজে এ ধরনের ভাষা ব্যবহার করা যায় না। পদ্মা সেতু করার বড়াই করলেও এটি প্রধানমন্ত্রীর একা কিংবা আওয়ামী লীগের পৈতৃক সম্পত্তি না। জনগণের পকেট থেকে কাটা ট্যাক্সের টাকায় এ সেতু হয়েছে। জনগণ এখন জানতে চায়, তাদের পকেটের কত টাকা সেতুতে আর কত টাকা আপনাদের পকেটে গেছে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগ উন্নয়ন উন্নয়ন বলে চিৎকার করছে। তারা কীসের উন্নয়ন করেছে, কার উন্নয়ন করেছে? উন্নয়ন তো হয়েছে পি কে হালদারদের। তারা দেশে লুটপাটের রাজত্ব কায়েম করেছে। সাধারণ জনগণের কোনো উন্নয়ন হয়নি।’

তিনি বলেন, ‘খালেদা জিয়া খুবই অসুস্থ। তাকে উন্নত চিকিৎসা দেওয়া না গেলে জীবন বাঁচানোই হুমকি হয়ে দাঁড়াবে। আমরা বারবার বলছি, তাকে মুক্তি দিন। আজও একই আহ্বান জানাচ্ছি, এখনো সময় আছে, তাকে মুক্তি দিন। বিদেশ যাওয়ার সুযোগ দিন। আমাদের ৩৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা তুলে নিন। কারাবন্দিদের মুক্তি দিন। না হলে দেশের মানুষই খালেদা জিয়াকে মুক্ত করবে।’

প্রতিবাদ সমাবেশে জড়ো হতে সকাল ৯টা থেকে রাজধানীর বিভিন্ন ওয়ার্ড ও থানা বিএনপির নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে আসেন। খালেদা জিয়া, তারেক রহমানের ছবি সংবলিত ব্যানার-ফেস্টুন নিয়ে তারা সেøাগান দেন। এ সমাবেশ ঘিরে সকাল থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান নিতে দেখা যায়।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব রফিকুল ইসলাম মঞ্জু, উত্তরের সদস্য সচিব আমিনুল হক প্রমুখ বক্তব্য দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত