বরিশালে ২৩ কোটি ৬২ লাখ টাকা ব্যয়ে নির্মিত বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর ড্রেজার বেইজ কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে কীর্তনখোলা নদীর তীরবর্তী মেরিন ওয়ার্কশপ মাঠ সংলগ্ন এ কার্যালয়ের উদ্বোধন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘বিএনপি চায় বাংলাদেশ দুর্ভিক্ষপীড়িত দেশ হোক। কিন্তু শ্রীলঙ্কার মতো অবস্থা বাংলাদেশের নয়। তাই বিএনপি’র ছড়ানো আতঙ্ক এবং অপপ্রচারে কান দেবেন না।
প্রতিমন্ত্রী বলেন, ‘আজ বিআইডব্লিউটিএ’র যে ড্রেজার বেইজ উদ্বোধন করলাম সেটাই ছিল বঙ্গবন্ধুর স্বপ্ন। তিনি যে বলেছিলেন নাব্য ফিরিয়ে আনতে হবে, সেগুলো কীভাবে এই ড্রেজারের মাধ্যমে ড্রেজিং করে আমাদের নাব্য ফিরিয়ে আনতে হবে সেজন্য তিনি সাড়ে তিন বছরে ৭টি ড্রেজার সংগ্রহ করেছিলেন এবং আমাদের সাতটি ড্রেজারই ছিল। ২০০৮ সাল পর্যন্ত ৮টি ড্রেজারে উন্নীত হয়নি।
বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেকের সভাপতিত্বে সুধী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, বরিশাল বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান, বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মো. এনামুল হক, বরিশাল জেলার পুলিশ সুপার মো. মারুফ হোসেন, নৌ-পুলিশের পুলিশ সুপার মো. কফিল উদ্দিন, বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের পক্ষে স্থানীয় সরকার উপ-পরিচালক শহীদুল ইসলাম, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস।
এসময় আরও উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টুসহ বিআইডব্লিউটিএ’র বরিশাল নদীবন্দরের যুগ্ম পরিচালক মুহা. মোস্তাফিজুর রহমান এবং নির্বাহী প্রকৌশলীসহ অন্য কর্মকর্তারা।
