কলম্বো, ১৮ মার্চ ২০১৮। ১৬৭ রানের টার্গেটে খেলতে নামা ভারতকে ১৮ ওভারে ১৩৩/৫-এ পরিণত করে বাংলাদেশ ভেবেছিল নিদাহাস ট্রফি জিতেই যাচ্ছে। কারণ, ১২ বলে ভারতের চাই আরও ৩৪ রান। ঠিক ওই অবস্থায় ৮ বলে ২৯ রানের এক অবিশ্বাস্য ইনিংস দিয়ে ভারতকে ট্রফি জিতিয়েছিলেন দিনেশ কার্তিক। শেষ দিকে কার্যকরী এমন ইনিংস খেলার পারঙ্গমতা ৩৭ বছর বয়সীকে আবার ভারতের টি-২০ দলে ডাক এনে দিয়েছে। ভারতের হয়ে শেষ ম্যাচ খেলেছিলেন ২০১৯-এর বিশ্বকাপ সেমিফাইনালে। সবাই কার্তিককে ভুলেই গেছিলেন। কিন্তু আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স নির্বাচকদের নিজেকে মনে করিয়ে দিয়েছেন কার্তিক। আইপিএল প্লে-অফে ওঠা বেঙ্গালুরুর হয়ে ১৪ ম্যাচে ৫৭.৪০ গড় ও ১৯১.৩৩ স্ট্রাইকরেটে ২৮৭ রান করেছেন। এবারের আইপিএলে কার্তিকের স্ট্রাইকরেটই সর্বোচ্চ।
দলে ডাক পাওয়ায় বেঙ্গালুরুকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, ‘আমি খুব খুশি। আমি সন্তুষ্ট। এটা আমার বিশেষ প্রত্যাবর্তন। কারণ, অনেকেই আমার ব্যাপারে হাল ছেড়ে দিয়েছিল। যেভাবে ফিরলাম, যেভাবে অনুশীলন করেছি, আমি তাতে খুশি। যেভাবে নিজেকে গুটিয়ে ফেলেছিলাম, সেখান থেকে অনুশীলনে ফিরতে অনেক খাটতে হয়েছে।’ ৩২ টি-টোয়েন্টিতে ৩৯৯ রান করা কার্তিক আরও বলেন, ‘আমি যে কাজটা করতে চাই, সে ব্যাপারে আমাকে পরিষ্কার নির্দেশনা দিয়েছে, নানাভাবেই আমি সেই বেঙ্গালুরুর প্রতি কৃতজ্ঞ। আমাকে দলে নিয়েছে, এই ভূমিকা দিয়েছে, আমার ওপর বিশ্বাস রেখেছে এবং এরপর আমি দলের জন্য সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছি। তাই খুব আনন্দের অনুভূতি এটি।
