চট্টগ্রামে পাটমন্ত্রী

আরও ১৫ পাটকল বেসরকারিকরণের প্রক্রিয়া চলছে

আপডেট : ২৫ মে ২০২২, ১২:২৪ এএম

দেশের আরও ১৫টি পাটকল বেসরকারি খাতে দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। গতকাল মঙ্গলবার চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বেসরকারি খাতে ইজারা দেওয়া কেএফডি জুট মিল পরিদর্শনের পর মতবিনিময় সভায় মন্ত্রী এ তথ্য জানান।

এ সময় তিনি বলেন, ‘আমরা দরপত্র আহ্বান করেছি। ১৮টি জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কাছ থেকে ৫৩টি প্রস্তাবনা পাওয়া গেছে। দ্রুততম সময়ের মধ্যে প্রস্তাবনা যাচাই-বাছাই করে আমরা এই ১৫টি মিলও বেসরকারি খাতে দিয়ে দেব।’

পাটমন্ত্রী বলেন, ‘মিলগুলো প্রাইভেটে ভালো চলবে। এখানে আমাদের কোনো দায় থাকবে না। সরকার ব্যবসা করে না। সরকার ব্যবসা রক্ষা করে, পলিসি নির্ধারণ করে।’

কর্ণফুলী জুট মিল, ফোরাত কার্পেট কারখানাসহ তিনটি কারখানা নিয়ে থাকা কেএফডি জুট মিল ২০ বছরের জন্য ইজারা দেওয়া হয়েছে বেসরকারি ইউনিটেক্স গ্রুপকে। কারখানার নতুন নামকরণ করা হয়েছে ‘ইউনিটেক্স জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেড’। চলতি বছরের ১ ফেব্রুয়ারি ইউনিটেক্সকে কারখানাটি হস্তান্তর করা হয়। সংস্কার শেষে ২৬ ফেব্রুয়ারি থেকে উৎপাদনে যায় প্রতিষ্ঠানটি।

পরিদর্শনকালে কেএফডি জুট মিলে কর্মচাঞ্চল্য দেখেছেন মন্তব্য করে মন্ত্রী বলেন, ‘শ্রমিকদের জিজ্ঞেস করেছি কেমন আছেন? উনারা বললেন “খুব ভালো আছি”, শ্রমিকরা মালিকবান্ধব হলে এবং মালিকরা শ্রমিকবান্ধব হলে সেই কারখানাগুলো খুব ভালো চলে। শ্রমিককে ভালোবাসতে হবে। শ্রমিক মনের সুখে কাজ না করলে তারা কাজে অবহেলা করবে।’

সোনালি আঁশ খ্যাত দেশের পাটশিল্পে আবারও একটা জাগরণ তৈরি হয়েছে উল্লেখ করে গোলাম দস্তগীর বলেন, ‘পাট থেকে সুতা তৈরি হচ্ছে। সেটা আমরা রপ্তানি করছি। পাটখড়ি থেকে চারকোল উৎপাদন করে সেটা চীনে রপ্তানি করছি। পাটের তন্তু এবং পাটখড়ি দুটোই আমরা রপ্তানি করছি। এভাবে পাট খাত এগিয়ে যাচ্ছে।’

সভায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ বলেন, ‘বিজেএমসির অধীনে থাকা ২৫টি পাটকলের মধ্যে ১৭টি ইজারা দেওয়ার কার্যক্রম আমরা শুরু করেছিলাম। ইতিমধ্যে চট্টগ্রামে একটি এবং নরসিংদীতে একটি পাটকল ইজারা দিয়েছি। বেসরকারি খাতে দেওয়ার পর পাটকলগুলো ভালোই চলছে।’

ইউনিটেক্স গ্রুপের চিফ ফাইন্যান্স অফিসার মোহাম্মদ আরিফ সভায় জানান, কেএফডি জুট মিলে দৈনিক উৎপাদন ক্ষমতা ছিল ২ থেকে ৫ টন। তারা দায়িত্ব নেওয়ার পর সেটাকে দৈনিক ১০ টনে উন্নীত করেছেন। চীন, ভিয়েতনাম ও তিউনিসিয়াসহ আরও কয়েকটি দেশে ২০০ টনের বেশি পাট থেকে তৈরি সুতা রপ্তানি করেছেন। আরও প্রায় ৬০০ টন পাটপণ্য রপ্তানির কার্যাদেশ ইতিমধ্যে তারা পেয়েছেন। এই পাটকলে ৫০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত আছে উল্লেখ করে তিনি বলেন, ‘এখানে সাড়ে তিন হাজার শ্রমিকের কর্মসংস্থান হবে।’

বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. নজরুল ইসলাম চৌধুরী, রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার ও ইউনিটেক্স গ্রুপের কর্মকর্তা সাকিব আহমেদ সিদ্দিকী মতবিনিময় সভায় বক্তব্য রাখেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত