প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘ইভিএমে (ইলেকট্রনিক ভোটিং মেশিন) নির্বাচন কমিশন এখনো পুরোপুরি আস্থাভাজন হতে পারেনি। নির্বাচনকে প্রহসনে রূপান্তর করার কোনো ইচ্ছা আমাদের নেই।’ গতকাল মঙ্গলবার নির্বাচন কমিশন ভবনে নিজ কার্যালয়ের সামনে সংবাদমাধ্যমকে এসব কথা বলেন সিইসি। এসময় চার নির্বাচন কমিশনার আহসান হাবিব খান, রাশেদা সুলতানা, মো. আলমগীর ও আনিছুর রহমান উপস্থিত ছিলেন।
ইভিএম সম্পর্কে কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘এ পর্যন্ত পাঁচটি বৈঠক করেছি। কিন্তু ইভিএমের ওপর পুরোপুরি আস্থাভাজন হতে পারিনি আমরা। আরও মিটিং হবে, সেখানে পর্যালোচনা করব। প্রয়োজনে উন্মুক্ত আলোচনা করব। আমরা বলেছি, ইভিএম নিয়ে সবার আস্থা অর্জন করতে চাই। আগামীকালও কারিগরি মিটিং হবে।’
গত শনিবার মাদারীপুরে এক মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার আনিছুর রহমান বলেন, ‘বাংলাদেশের রাজনৈতিক প্রতিটি দলে আইটি বিশেষজ্ঞ আছেন। তাদেরও আমরা আমাদের মেশিন দেখাব। ইভিএম তাদের হাতে ছেড়ে দেব, দেখান কোথায় ভুল আছে? আর কোন মেশিন কোথায় যাচ্ছে, কেউ জানে না। ইভিএমের কোনো ভুলত্রুটি যদি কেউ ধরতে পারেন, তার জন্য আমাদের প্রধান নির্বাচন কমিশনার ১০ মিলিয়ন ডলার পুরস্কার দেওয়ারও ঘোষণা দিয়েছেন।’
নির্বাচন কমিশনার আনিছুরের বক্তব্যের পক্ষে অবস্থান নিয়ে সিইসি বলেন, ‘এ ধরনের বক্তব্য শোনার পর ইন্টারনাল তদন্ত শুরু করলাম। কেউ তার ভালোবাসা উচ্ছ্বাস প্রকাশ করতে পারেন। ইভিএম যারা তৈরি করছেন তাদের মধ্যে কেউ বলেছেন। ওইভাবে কেউ একজন বলেছেন, জিনিসটা ওখান থেকেই এসেছে। কিছুটা স্মৃতিভ্রম হয়ে নির্বাচন কমিশনার আনিছুর রহমান ১০ মিলিয়ন ডলারের কথা বলতে পারেন বলে জানান কাজী হাবিবুল আউয়াল।’
তিনি বলেন, ‘এটা কমিশনের বক্তব্য নয়। কোনোভাবে কমিশনের কোনো কর্মচারী এ কথা বলেননি, কমিশনার তো দূরের কথা, বলতে পারেন না। মিডিয়ায় কথা বলতে গিয়ে খেই হারিয়ে ফেলি। কমিশনকে অপদস্থ করার জন্য, সিইসিকে অপদস্থ করার জন্য এটা কেউ বলেননি। কথাটা আসলে কিছুটা স্মৃতিভ্রমভাবে হয়েছে বলে আমি বিশ্বাস করি।’
ইভিএম নিয়ে চ্যালেঞ্জ নেওয়ার সময় এখনো আসেনি মন্তব্য করে সিইসি বলেন, ‘ভোট তার নিয়মানুযায়ী হবে। দিনের ভোট দিনেই হবে, ভোট রাতে হবে না এটা স্পষ্ট করে বলতে চাই। আমাদের উনি (ইসি আনিছুর মাদারীপুরে) স্পষ্ট করে বলতে চেয়েছেন, দিনের ভোট দিনেই হবে।’
