বৃষ্টির দিনে সাকিব-বিস্ময়

আপডেট : ২৬ মে ২০২২, ০২:০০ এএম

নিরামিষ একটি দিন গেল। তৃতীয় দিনের এ লড়াইয়ে নেই রোমাঞ্চের ছোঁয়া, প্রতিদ্বন্দ্বিতার তেজ। অবশ্য দিনের শুরুতে রোদের তেজ ছিল, মাঝে বৃষ্টির বাগড়ায় খেলার ব্যাঘাত হলো আর শেষে আলোর স্বল্পতায় সময়ের আগেই খেলা থেমে গেল। ক্রিকেটের জন্য অনাদর্শ একটি দিনে যা একটু আনন্দ দিয়েছেন সাকিব আল হাসান। তার বুদ্ধিদীপ্ত বোলিংয়ে দিমুথ করুনারত্নের আউট পুরো দিনের হাইলাইটস। এছাড়া বৃষ্টির পর পুরো ৩০ মিনিট সাকিব-এবাদতের বোলিংয়ে লঙ্কানদের মাত্র ১ রান নিতে পারাও কম আনন্দ দেয়নি। চিন্তার বিষয় একটাই, ৫ উইকেট হাতে নিয়ে শ্রীলঙ্কা পিছিয়ে মাত্র ৮৩ রানে। উল্টো না বাংলাদেশ পিছিয়ে পড়ে।

বৃষ্টিতে লাঞ্চ থেকে চা বিরতি, পরে আরও একটি ঘণ্টা নষ্ট হওয়ায় ৬টা পর্যন্ত খেলিয়েও ৫১ ওভারের বেশি বল করা যায়নি। তাতে সাকিবের দুই উইকেট ও এবাদতের এক শিকার সম্বল। শ্রীলঙ্কা ১৩৯ রান নিয়ে বাংলাদেশের স্কোরের কাছাকাছি। দিনটি স্পষ্টভাবে কারও পক্ষে যায়নি, তেমনি ম্যাচও হেলে পড়েনি কোনো দলের দিকে। তবে ম্যাড়ম্যাড়ে দিনের সব আগ্রহ সাকিবের ওপরই ঠিক হেলে পড়েছে। ফ্রি টেস্ট দেখার আনন্দে গ্যালারি ভরিয়ে তোলা স্কুলপড়ুয়াদের কণ্ঠে সাকিবের নামে কোরাস শুরু হয়েছে ততক্ষণে। সেই আওয়াজ মিলিয়ে যাচ্ছে যেন রোদের উত্তাপে। এমন সময় সাকিবের ওই ওভার, ওই বল। লঙ্কান অধিনায়ক উইকেটে একদম জমে গেছেন। তাকে আউট করতে রানারের পাশে ফিল্ডার রেখেও ফল হচ্ছে না। ৫৬তম ওভারে বল হাতে নিয়ে সাকিব ভিন্ন পরিকল্পনা সাজালেন। ওভারের শেষ বলে উইকেটটি নেন সাকিব। তার আগের চার বলে সেট আপ করেছেন লঙ্কান অধিনায়ককে। মুখোমুখি হওয়া দ্বিতীয় বলটা ছিল লেগ স্ট্যাম্পে। ডিফেন্ড করেন করুনারত্নে। পরের তিন বল অফস্ট্যাপের একটু বাইরে ড্রাইভ বা কাট খেলার সুযোগ করে দেন। করুনারত্নে ধরেই নেন আগের তিন বলের মতো এই বলও অফস্ট্যাম্পেই করবেন। তাই ড্রাইভের জন্য সামনে পা বাড়ান তিনি। অথচ সাকিব বল ফেললেন ঠিক পায়ের সামনে। করুনারত্নের ব্যাট ততক্ষণে অফস্ট্যাম্পের বাইরে। ব্যাট-প্যাডে তখন বিরাট ফাঁক। আর সেই গ্যাপটাতেই তাক করেন সাকিব। ৭.৭ সেন্টিমিটার বাঁক নিয়ে বলটি সোজা ফাঁক গলে স্টাম্পে আঘাত করল। ১৫৫ বলে ৮০ রান করা করুনারত্নে বিস্মিত, কীভাবে বলটি মিস হলো!

সাকিবের ভেল্কিতে বিস্মিত সাদাবিদ্যুৎ খ্যাত বাংলাদেশের ফাস্ট বোলিং কোচ অ্যালান ডোনাল্ড, ‘আসলে সাকিবকে ব্যাখ্যা করার মতো ভাষা নেই। ওকে কি আমি এখন শেখাতে পারব? ঠিক যেমন শেন ওয়ার্ন। সে নিজেই তো বিশাল এক বই। সাকিব স্পিন বোলিংটা তার নিজের পৃথিবীতেই রাখে। আমি একবার ডি ভিলিয়ার্সের সঙ্গে আলাপ করছিলাম, সে বলল সাকিবকে ডাউন দ্য উইকেটে গিয়ে মারা কঠিন। ভিলিয়ার্স যখন এমনটা বলেছে, সত্যিই কঠিন। সাকিব খুবই চতুর, সময়মতো সে বলের গতি ও লেন্থ পরিবর্তন করে। আশা করি কাল (আজ) সে ৫ উইকেট পাবে।’

সাকিব ৫ উইকেটের দিকে এগিয়ে গেছেন দিনের শেষে ৯৫ বলে ৫৮ করে সেঞ্চুরির দিকে এগোতে থাকা ধনঞ্জয়া ডি সিলভাকে ফিরিয়ে। অথচ ওই আউটটা যে হয়েছে তা নিজেই বোঝেননি সাকিব। আউটসাইডেজ হয়ে বল যায় লিটনের গ্লাভসে। আম্পায়ারও আওয়াজ শোনেননি। কিন্তু শান্ত ও লিটনের কথায় পরে রিভিউ নিয়ে সফলতা আসে। ভাঙে ম্যাথিউসের সঙ্গে ৯৮ রানের জুটি। দিনের শুরুতে নাইটওয়াচম্যান রাজিথাকে দ্বিতীয় বলেই ফেরান এবাদত। তবে চিন্তার কারণ অ্যাঞ্জেলো ম্যাথিউস। গত টেস্টের সেঞ্চুরিয়ান ১৫৩ বলে ৫৮ রান করে লম্বা ইনিংস খেলে দলকে লড়াইয়ে রেখেছেন। সঙ্গে যোগ দিয়েছেন আরেক অভিজ্ঞ দিনেশ চান্দিমাল (১০)। কাল এ দুজনকে দ্রুত না ফেরালে ব্যাকফুটে চলে যাবে বাংলাদেশ।

দিনের শেষে এ দুই অভিজ্ঞকে চাপে ফেলার সুযোগ ছিল। কিন্তু ৬টা ৩০ পর্যন্ত খেলার কথা থাকলেও তাদের অভিযোগে ৬টা ৫ মিনিটের বেশি খেলানো সম্ভব হয়নি। এই সময় পূরণ করতে আজ সকাল ৯টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচ। পিচে ময়েশ্চারও পাওয়া যাবে একটু বেশি। তা কাজে লাগানোর দায়িত্ব এবাদত-খালেদের। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত