রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের ফ্লাইট ক্যাটারিং সেন্টার (বিএফসিসি) থেকে আট কেজি ওজনের সোনার বারসহ একজনকে আটক করেছে ঢাকা কাস্টম হাউজের প্রিভেন্টিভ টিম। আটক হওয়া আবদুল আজিজ বিএফসিসিতে কর্মরত। গতকাল বুধবার রাতে বিমানবন্দরের বিএফসিসির ফটকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে কালো স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় সোনার বারের চারটি বান্ডিল উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া এই সোনার বাজারমূল্য প্রায় সাড়ে ৬ কোটি টাকা বলে জানিয়েছেন শুল্ক কর্মকর্তারা।
আবদুল আজিজকে আটকের সময় কাস্টমস কর্মকর্তাদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে ঢাকা কাস্টম হাউজের প্রিভেন্টিভ টিমের উপকমিশনার সানোয়ারুল কবির বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে ঢাকা কাস্টমস কর্র্তৃপক্ষ জানতে পারে যে বিমানের ক্যাটারিং সার্ভিসে কর্মরত এক ব্যক্তির মাধ্যমে সোনা পাচার হবে। সেই তথ্যের ভিত্তিতে দুপুর ১টার দিকে বিমানের ক্যাটারিং সেন্টারে প্রবেশ করতেই বাধার মুখে পড়তে হয় কাস্টমস কর্মকর্তাদের।’
