খুলনা-পটুয়াখালীতে বিএনপির কর্মসূচিতে হামলা, আহত ৪৫

আপডেট : ২৭ মে ২০২২, ০১:৪৯ এএম

খুলনা ও পটুয়াখালীতে বিএনপির কর্মসূচিতে বাধা, হামলা ও সংঘর্ষে অন্তত ৪৫ নেতাকর্মী আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার খুলনায় ছাত্রলীগ-বিএনপি-পুলিশ সংঘর্ষে বিএনপির সমাবেশ পণ্ড হয়ে যায়। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। পরে খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিনসহ ৫০ নেতাকর্মীকে পুলিশ আটক করেছে বলে দাবি করেছেন দলটির নেতারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে এখন পর্যন্ত অর্ধশতাধিক টিয়ারগ্যাস ছুড়েছে পুলিশ। ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে। থেমে থেমে ইটপাটকেল নিক্ষেপ ও টিয়ারগ্যাস নিক্ষেপের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও বিএনপির দলীয় সূত্র জানায়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে খুলনা কেডি ঘোষ রোডের বিএনপি কার্যালয়ের সামনে গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টায় একটি সমাবেশের আয়োজন করে দলটি। সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সমাবেশে যোগ দিতে ছাত্রদলের জেলা ও মহানগর নেতাকর্মীরা বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে পিকচার প্যালেস মোড় হয়ে দলীয় কার্যালয়ের দিকে আসতে থাকেন। একই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় মিছিল বের করেন মহানগর ও জেলা ছাত্রলীগ নেতাকর্মীরা। তারা নগরীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে আওয়ামী লীগের কার্যালয়ের দিকে আসতে থাকেন। পিকচার প্যালেস মোড়ে তাদের সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ হয়।

খুলনা থানার ওসি হাসান আল মামুন বলেন, ছাত্রদলের নেতারা পুলিশের ওপর আক্রমণ করলে তাদের ছত্রভঙ্গ করতে ৫০ রাউন্ড টিয়ারগ্যাস, ১৫০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করা হয়। এ ঘটনায় পুলিশের ১৪ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘হত্যার হুমকি’র প্রতিবাদে পটুয়াখালী বিএনপির কর্মসূচিতে পুলিশ ও ছাত্রলীগ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। এতে জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম লিটনসহ বিএনপির অন্তত ১৫ নেতাকর্মী আহত হয়েছেন। আহত পাঁচজনকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি ১০ জনকে হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে পৌর শহরের বনানী মোড়ে দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

এ ছাড়া ফরিদপুর, রাজবাড়ী ও রাজশাহীতে বিএনপির কর্মসূচিতে বাধা দেওয়ার খবর পাওয়া গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত