সোনার দাম ভরিতে কমল ২,৯১৬ টাকা

আপডেট : ২৭ মে ২০২২, ০১:৫০ এএম

আন্তর্জাতিক বাজারে দাম কমায় পাঁচ দিনের ব্যবধানে এবার সোনার দাম কমানো হলো দেশে। সবচেয়ে ভালোমানের সোনা অর্থাৎ ২২ ক্যারেটের ভরিতে দাম কমেছে ২ হাজার ৯১৬ টাকা। এ মানের সোনার ভরি বিক্রি হবে ৭৯ হাজার ৫৪৮ টাকায়।

আজ থেকে কার্যকর হচ্ছে নতুন দর। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সোনার দাম কমানোর সিদ্ধান্ত জানিয়েছে। এর আগে ২২ মে দেশে সব ধরনের সোনার দাম পুনর্নির্ধারণ করা হয়।

বাজুস বলছে, যুদ্ধ ও বৈশি^ক অর্থনৈতিক পরিস্থিতি এবং মুদ্রা বাজারে মার্কিন ডলার ও অন্যান্য মুদ্রার দাম হ্রাস পেয়েছে। স্থানীয় বুলিয়ন মার্কেটেও সোনার দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় দেশেও সোনার দাম কমানো হলো।

বাজুস নির্ধারিত মূল্য তালিকায় দেখা গেছে, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম পড়বে ৭৯ হাজার ৫৪৮ টাকা। গতকাল পর্যন্ত এ মানের সোনার দাম ছিল ৮২ হাজার ৪৬৪ টাকা। দাম কমেছে ২ হাজার ৯১৬ টাকা।

গতকাল নতুন করে দাম কমানোয় ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম পড়বে ৭৫ হাজার ৯৩৩ টাকা। আগে দাম ছিল ৭৮ হাজার ৭৩২ টাকা। দাম কমেছে ২ হাজার ৭৯৯ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ২ হাজার ৪৫০ টাকা কমে দাঁড়িয়েছে ৬৫ হাজার ৮৫ টাকা। গতকাল পর্যন্ত দাম ছিল ৬৭ হাজার ৫৩৫ টাকা। সনাতন পদ্ধতিতে প্রতি ভরির দাম পড়বে ৫৪ হাজার ২৩৮ টাকা। এ মানের সোনার ভরিতে দাম বেড়েছে ১ হাজার ৯৮২ টাকা। গতকাল পর্যন্ত দাম ছিল ৫৬ হাজার ২২০ টাকা।

অপরিবর্তিত রয়েছে রূপার দাম। ২২ ক্যারেটের প্রতি ভরি রূপা বিক্রি হচ্ছে ১ হাজার ৫১৬ টাকায়, ২১ ক্যারেটের ভরি ১ হাজার ৪৩৫ টাকায়, ১৮ ক্যারেটের ভরি ১ হাজার ২১৫ টাকা ও সনাতন পদ্ধতিতে প্রতি ভরি বিক্রি হচ্ছে ৯৩৩ টাকায়।

গতকাল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান এনামুল হক ভুইয়া লিটন বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন দামে  সোনা বিক্রির অনুরোধ করা হলো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত