বিশ্ববিদ্যালয় ভর্তি: আগস্টে গুচ্ছের পরীক্ষা

আপডেট : ২৭ মে ২০২২, ১০:৪০ পিএম

নতুন শিক্ষাবর্ষে ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাধারণ গুচ্ছের ভর্তি পরীক্ষা একমাস এগিয়ে আগস্টে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এর আগে ৩ সেপ্টেম্বর থেকে ভর্তি পরীক্ষা শুরুর কথা ছিল।

শুক্রবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা বিষয়ক কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। তবে, সুনির্দিষ্ট দিনক্ষণ ঠিক করা হয়নি।

সভায় অংশ নেওয়া জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সৌমিত্র শেখর জানান, শিক্ষার্থীদের স্বার্থে সেশনজট ‘শূন্যের কোঠায়’ আনতে পরীক্ষা এগিয়ে আনার এ সিদ্ধান্ত হয়েছে।

তিনি বলেন, আমরা যেন ১ জানুয়ারি থেকে সেশন শুরু করতে পারি, সেটাই আমাদের মুখ্য উদ্দেশ্য। সে জন্যই সময় এগিয়ে নেয়া হয়েছে।

সভায় ভর্তি পরীক্ষার আবেদন ফি বাড়ানোর বিষয়ে মত এসেছে। একই সঙ্গে শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে তাদের নিজ এলাকায় পরীক্ষা দেওয়ার ব্যবস্থার সুযোগ করে দেওয়ার সিদ্ধান্তও হয়েছে।

পরীক্ষার সুনির্দিষ্ট তারিখ ও ফি আগামী ৩০ মে’র সভায় চূড়ান্ত হবে। গতবছর সাধারণ গুচ্ছের পরীক্ষার ফি ছিল ১ হাজার ২০০ টাকা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত