মানুষ ভালো সিনেমা দেখতে চায়

আপডেট : ২৮ মে ২০২২, ০২:০৬ এএম

জনপ্রিয় মডেল ও চিত্রনায়ক নিরব হোসেন অভিনীত ‘অমানুষ’ মুক্তি পাচ্ছে ১৭ জুন। ছবিটি নিয়ে তিনি কথা বলেছেন দেশ রূপান্তরের সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন সুদীপ্ত

অমানুষ...

অনন্য মামুন পরিচালিত ‘অমানুষ’ সিনেমাটি ১৭ জুন মুক্তি পাবে। এখন প্রচারণার পরিকল্পনা চলছে। বলতে পারেন এক অর্থে প্রচারণা চালানোও হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় আমরা যার যার মতো করে প্রচারণা চালাচ্ছি। মিথিলা, মিশা সওদাগর ভাই, নওশাবা, রাশেদ মামুন অপু সবাই সক্রিয় প্রচারণা চালানোর চেষ্টা করছি। আমরা ছবির মানুষেরা যদি ঠিকমতো প্রচার না করি তাহলে তো হবে না। মানুষ ভালো সিনেমা দেখতে চায়। মানুষকে জানানোটা দরকার। তো সেই জায়গা থেকে সবাই মিলেই প্রচারণা চালাচ্ছি।

কেন দেখবে ...

আমার কাছে মনে হয় দর্শক সিনেমাটা ভালোভাবেই নেবে। আমাদের সিনেমার গল্পের প্যাটার্নটা অন্যভাবে করা হয়েছে। প্রেম ভালোবাসা ক্ষোভ, রিয়ালাইজেশন সবকিছুই আছে। তবে এগুলো জঙ্গলভিত্তিক ডাকাতের গল্প দিয়ে প্রমাণ করা হয়েছে। আমার কাছে মনে হয় ড্রয়িংরুম, বেডরুম, বাসার ভেতরের গল্প না দেখে মানুষ জঙ্গলভিত্তিক এ গল্পটা দেখতে পছন্দ করবে।

মিথিলার সঙ্গে কাজ...

কো-আর্টিস্ট হিসেবে মিথিলা ভালো। তার চেয়ে বড় ব্যাপার, তার সঙ্গে আমার সম্পর্ক খুবই ক্লোজড। একদম তুই তুকারি সম্পর্ক। সেই জায়গা থেকে কাজ করতে গিয়ে আমরা সিনেমার শুটিং কবে শুরু করে, কবে শেষ করে ফেলেছি, সেটা বোঝা যায়নি। গল্পে আমার আর মিথিলার যে ক্যারেক্টার, সেখানে কাজ করেও অনেক স্বাচ্ছন্দ্যবোধ করেছি। এটা মিথিলার প্রথম ছবি এবং মিথিলার সঙ্গে এটা আমার প্রথম ছবি। সবকিছু মিলিয়ে ভালো ছিল আর দর্শকও আমাদের রসায়ন খুব ভালোভাবে নেবে।

রন্ধনশিল্পীদের সঙ্গে

আজ (শুক্রবার) পাবনায় আছি। এখানে একটা রিয়ালিটি শোতে সেলিব্রেটি অতিথি হিসেবে আছি। তারা সবাই রাঁধুনি। ওনারা আমাকে পেয়ে খুব উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এখানে দেড়-দুই শো মানুষ পাচ্ছি। এই সুযোগে আমার সিনেমার প্রচারণাটাও করছি। এই শোর মাধ্যমে ৬৪ জেলাতেই ঘুরছি আমি।

অন্যান্য কাজ...

সৈকত নাসিরের ক্যাসিনো, সাইফ চন্দনের কয়লা, রোজিনা আপার ফিরে দেখা, বন্ধন বিশ্বাসের ছায়াবৃক্ষের কাজ শেষ করেছি। এর বাইরে রোদ্র ছায়া সিনেমার কাজ শেষ করেছি। ছবিটি সেন্সরও হয়েছে। প্রযোজক-পরিচালক শিগগিরই ছবিটি মুক্তির ব্যাপারে সিদ্ধান্ত নেবেন বলে জেনেছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত