দুপুরে যুবদলের কমিটি, সন্ধ্যায় কর্মসূচি ঘোষণা

আপডেট : ২৮ মে ২০২২, ০২:২৬ এএম

রাজধানী ঢাকার নেতাদের প্রাধান্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেছে বিএনপি। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি যে আন্দোলন-সংগ্রামের কথা বলছে তা সফল করতেই যুবদলের নতুন এ কমিটি ঘোষণা করা হয়েছে। দলের উদ্দেশ্য অনুযায়ী কমিটি ঘোষণার কয়েক ঘণ্টা পরেই কর্মসূচিও ঘোষণা করেছে সংগঠনটি। দেশের বিভিন্ন এলাকায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীদের ওপর হামলা-মামলা ও গ্রেপ্তার প্রতিবাদে আজ শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করবেন নতুন কমিটির নেতারা। গতকাল শুক্রবার দুপুরে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি করা হয়েছে সদ্য সাবেক কমিটির সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুকে। আর সাধারণ সম্পাদক হয়েছেন মোনায়েম মুন্না। কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি হয়েছেন মামুন হাসান, সহসভাপতি নুরুল ইসলাম নয়ন, ১নং যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, ২নং যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মওলা শাহীন, সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার। আর দপ্তর সম্পাদক (সহসভাপতির পদমর্যাদায়) হয়েছেন কামরুজ্জামান দুলাল।

কমিটির নেতাদের মধ্যে সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সহসভাপতি নুরুল ইসলাম নয়ন ছাড়া অন্যরা সবাই দীর্ঘদিন মহানগর যুবদলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

গতকাল নতুন কমিটির নেতারা দেশ রূপান্তরকে বলেন, দুপুরে কমিটি ঘোষণার পর বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আমরা স্কাইপে বৈঠক করেছি। এ সময় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের আগামী দিনের আন্দোলন-সংগ্রাম সফল করতে বিশেষ নির্দেশনা দিয়েছেন। দেশের জনগণের আশা-আকাক্সক্ষা পূরণে; বিশেষ করে ভোটাধিকার, মানবাধিকারসহ সংবিধানস্বীকৃত অধিকার ফিরিয়ে আনতে আগামী দিনে যে আন্দোলন-সংগ্রাম হবে তা সফল করতে শপথ নিতে বলেছেন।

যুবদলের নতুন সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘আগামী দিনে সরকারবিরোধী আন্দোলন-সংগ্রামকে সামনে রেখে দলের হাইকমান্ড আশা নিয়ে নতুন কমিটি ঘোষণা করেছেন। আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে দেশের যুবসমাজকে ঐক্যবদ্ধ করে সেই আন্দোলন-সংগ্রাম সফলে আপ্রাণ চেষ্টা করব।’

তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা করেছে ছাত্রলীগ। এর প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করেছে। আমরা আগামীকাল (আজ শনিবার) জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করব।’

নতুন ঘোষিত কমিটির বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন দেশ রূপান্তরকে বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন শুরু হয়ে গেছে। ছাত্রদল অগ্রণী ভূমিকা রাখবে। ছাত্রদলের পাশাপাশি যুবদলের নতুন ঘোষিত কমিটি রাজপথে কার্যকর আন্দোলন গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা রাখি।’

বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান দেশ রূপান্তরকে বলেন, ‘স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে ছাত্রদলের পাশাপাশি যুবদলের নেতারা সক্রিয় ভূমিকা রেখেছিলেন। একইভাবে আগামী দিনের আন্দোলন-সংগ্রামে ছাত্রদলের পাশাপাশি যুবদলের নেতারাও জোরালো ভূমিকা রাখবে বলে আমরা আশা রাখি।’

গত ১৭ মে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুবদলের সাবেক কমিটির শীর্ষ পাঁচ নেতার সঙ্গে বৈঠক করেন। এর আগে গত ১০ মেও সংগঠনের কয়েকজন নেতার সঙ্গে কথা বলেন তিনি।

২০১৭ সালের ১৬ জানুয়ারি রাতে সংগঠনের কেন্দ্রীয়, ঢাকা মহানগর উত্তর ও মহানগর দক্ষিণের আংশিক কমিটি ঘোষণা করা হয়। কেন্দ্রীয় পাঁচ সদস্যবিশিষ্ট আংশিক কমিটির সভাপতি হন সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক হন সুলতান সালাউদ্দিন টুকু। এছাড়া মোর্ত্তাজুল করিম বাদরু জ্যেষ্ঠ সহসভাপতি, নূরুল ইসলাম নয়ন যুগ্ম সাধারণ সম্পাদক এবং মামুন হাসান সাংগঠনিক সম্পাদক হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত