সাবেক আইজিপি শহীদুল

ক্ষমতাসীনরা চায় পুলিশ তাদের কথামতো চলবে

আপডেট : ২৯ মে ২০২২, ০২:০৫ এএম

পুলিশ কর্মকর্তা হিসেবে ৩২ বছর কাজ করেছেন এ কে এম শহীদুল হক। তার সেই অভিজ্ঞতালব্ধ কর্মজীবন এবার উঠে এলো বইয়ের পাতায়। লিখেছেন ‘পুলিশ জীবনের স্মৃতি : স্বৈরাচার পতন থেকে জঙ্গি দমন’ শিরোনামের গ্রন্থ। গতকাল শনিবার জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউপিএল) প্রকাশিত বইটির মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে নিজের কর্মজীবনের অনুভূতি প্রকাশ করতে গিয়ে এ কে এম শহীদুল হক বলেন, ‘ক্ষমতাসীন দল চায় তারা যা বলবে পুলিশ তাই করবে; এমপি চান তিনি যা বলবেন ওসি সেটাই করবেন। এসব চ্যালেঞ্জ ও প্রতিকূলতা মোকাবিলা করে কাজ করা খুবই কঠিন।’

পুলিশ যাতে নিরপেক্ষভাবে কাজ করতে পারে সেজন্য একটি পদ্ধতি চালুর তাগিদ দিয়ে তিনি বলেন, ‘পুলিশ বিচারব্যবস্থার অংশ। তারা নিরপেক্ষভাবে কাজ করতে না পারলে ক্রিমিনাল জাস্টিস সিস্টেম কখনো কার্যকর হবে না। কিন্তু রাজনীতিবিদ ও আমলারা সেই পরিবর্তন চায় না।’

পুলিশকে অনেক বৈরী পরিবেশের মধ্যে কাজ করতে হয় উল্লেখ করে শহীদুল হক বলেন, ‘সবাই পুলিশের সেবা চায়, কিন্তু কেউ পুলিশকে পছন্দ করে না। পুলিশকে বুঝতে হলে পুলিশের কাছে যেতে হবে। পুলিশকে আস্থায় নিতে হবে। সেই সঙ্গে পুলিশকেও ঔপনিবেশিক মনমানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে।’

সাবেক এই পুলিশপ্রধান আরও বলেন, ‘পুলিশকে স্বাধীনভাবে কাজ করতে হলে আইনের সংস্কার প্রয়োজন। আমি দায়িত্বে থাকার সময় উদ্যোগ নিয়েছিলাম, কিন্তু তা আর হয়নি। সেটা হয়নি আমলাদের কারণে। আর রাজনীতিকরা তো চাইবেনই না। যদি রাজনীতিক ও আমলাদের মনমানসিকতার পরিবর্তন না ঘটে, তাহলে সুশাসন কথাটা শুধু স্লোগানেই সীমাবদ্ধ থাকবে।’

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইউপিএলের ব্যবস্থাপনা পরিচালক মাহ্রুখ মহিউদ্দিন। আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, কথাসাহিত্যিক অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী ও পুলিশের সাবেক মহাপরিদর্শক মুহাম্মদ নুরুল হুদা।

আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘দেশের বিভিন্ন ক্রান্তিলগ্নে আইজিপির দায়িত্ব পালন করেছেন এ একে এম শহীদুল হক। ৩২ বছরের কর্মজীবনের নির্যাস তুলে ধরেছেন চমৎকারভাবে।’

সভাপতির বক্তব্যে সেলিনা হোসেন বলেন, ‘শুধু পুলিশবাহিনী নয়, সব পাঠকের জন্য সুখপাঠ্য এই বই (শহীদুল হকের বই)। আঙ্গিকগত দিক থেকে বইটি অসাধারণ মনে হয়েছে।’

মাহ্রুখ মহিউদ্দিন বলেন, ‘সুলিখিত ও সাবলীল ভাষায় রচিত হয়েছে বইটি। গ্রন্থটির মাধ্যমে লেখক তার যাপিত সময়ের চিত্র তুলে ধরেছেন। বইটি একটি গবেষণাকর্ম হয়ে থাকবে। কারণ লেখকের কাজের সূত্র ধরে রাষ্ট্রের নানা গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে গ্রন্থটিতে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত