ইউক্রেনের আগে স্কুলের নিরাপত্তায় খরচ করুন : ট্রাম্প

আপডেট : ২৯ মে ২০২২, ০২:১১ এএম

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে সাহায্য পাঠানোর আগে যুক্তরাষ্ট্রের উচিত নিজ দেশের স্কুলের নিরাপত্তার জন্য তহবিল প্রদানকে অগ্রাধিকার দেওয়া। আগ্নেয়াস্ত্রের পক্ষে আয়োজিত এক সম্মেলনে এমন মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হিউস্টনে আগ্নেয়াস্ত্রের পক্ষে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সংগঠন ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশনের সম্মেলনে অংশ নেন ট্রাম্প। সেখানে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি ইউক্রেনে বিলিয়ন ডলার সাহায্য হিসেবে পাঠাতে পারে, তাহলে দেশের মাটিতে আমাদের শিশুদের নিরাপদ রাখতে আমাদের যেকোনো কিছু করতে পারা উচিত।’

টেক্সাসের একটি স্কুলে এক কিশোরের গুলিতে ১৯ শিশু শিক্ষার্থীসহ ২১ জন নিহতের তিন দিনের মাথায় এমন বক্তব্য দিলেন ট্রাম্প। তিনি বলেন, ‘ইরাক ও আফগানিস্তানে আমরা ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করেছি এবং তার বিনিময়ে কিছু পাইনি। পৃথিবীর বাকি দেশ গঠন করার আগে আমাদের নিজেদের সন্তানদের জন্য নিরাপদ স্কুল গঠন করা উচিত।’

এ মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের কংগ্রেস ইউক্রেনে প্রায় চার হাজার কোটি ডলারের সামরিক সহায়তা পাঠানোর পক্ষে ভোট দিয়েছে। ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে অভিযান শুরু করার পর যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা এখন পর্যন্ত দেশটিতে প্রায় ৫ হাজার ৪০০ কোটি ডলার সহায়তা পাঠিয়েছেন। ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশনের সম্মেলনে আগ্নেয়াস্ত্র আইন কঠোর করার বিরোধিতা করেন ট্রাম্প।

তার মতে, ‘অশুভ’ শক্তির বিরুদ্ধে নিজেদের রক্ষায় সভ্য আমেরিকানদের আগ্নেয়াস্ত্রের অনুমতি দেওয়া প্রয়োজন। স্কুলের নিরাপত্তা নিশ্চিতে প্রতি স্কুলে অন্তত একজন সশস্ত্র পুলিশ অফিসার রাখা এবং মেটাল ডিটেক্টরসহ কেবল একটি প্রবেশপথ রাখার প্রস্তাব করেন তিনি। তার ভাষায়, ‘অস্ত্র হাতে একজন মন্দ লোককে থামানোর একমাত্র পথ হচ্ছে অস্ত্র হাতে একজন ভালো মানুষ।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত