আগামী জাতীয় নির্বাচনে সব দলের অংশগ্রহণ এবং শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য যা কিছু করণীয় তার সব চেষ্টা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.)। তিনি বলেন, ‘নির্বাচনে পাস করতে হলে ভোটারদের কাছে যান। নির্বাচনে নকল করে পাস করার কথা ভুলে যান। কোনো ওহি আপনাকে পাস করিয়ে দিতে পারবে না।’ গতকাল শনিবার মেহেরপুরে একটি পৌরসভা ও ৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের সব প্রার্থীদের নিয়ে মতবিনিময় অনুষ্ঠানে তাদের উদ্দেশ্যে এসব কথা বলেন এই নির্বাচন কমিশনার।
মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টার মিলনায়তনে জেলা প্রশাসক মনসুর আলম খাঁনের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নির্বাচন কমিশনার আহসান হাবিব খান।
তিনি বলেন, ‘পৌর ভোটের সমস্ত কেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে। কথা দিচ্ছি নির্বাচনে কোনো ধরনের হঠকারিতা সহ্য করা হবে না। একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন করার জন্য যা কিছু দরকার মেহেরপুরের এই নির্বাচনে তার সবকিছুই পালন করবে কমিশন।’
অনুষ্ঠানে মেহেরপুরের পুলিশ সুপার রাফিউল আলম, জেলা নির্বাচন কর্মকর্তা আবু আনছার ও রিটার্নিং অফিসার তারেক আহমেদ বক্তব্য দেন।
