সদ্য সমাপ্ত ফ্রান্সের ৭৫তম কান চলচ্চিত্র উৎসবে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন কানাডার আদিবাসী চিত্রনির্মাতা কেলভিন রেডভার্স। শনিবার দেশীয় সংবাদমাধ্যমকে তিনি জানান, ঐতিহ্যবাহী মোকাসিন পরে হাজির হওয়ায় লাল গালিচা থেকে তাকে ফিরিয়ে দেওয়া হয়।
ডেন আদিবাসী সম্প্রদায়ের সদস্য কেলভিন, তিনি কানাডার উত্তর-পশ্চিম অঞ্চলে বেড়ে উঠেছেন। আদিবাসী নির্মাতাদের আমন্ত্রিত একটি দলের সদস্য হয়ে তিনি কানে অংশ নিয়েছিলেন।
ডেন সংস্কৃতিতে মোকাসিন অনেক বড় বিষয় উল্লেখ করে কেলভিন জানান, ভেবেছিলেন টক্সেডো ও বো টাইয়ের সঙ্গে আদিবাসী এই জুতো গ্রহণযোগ্য হবে। কিন্তু কানাডায় ‘ঐতিহ্যবাহী ও আনুষ্ঠানিক’ হিসেবে বিবেচিত হলেও লাল গালিচায় মোকাসিন পরে ঢুকতে গেলে তাকে বাধা দেওয়া হয়। বলা হয়, নির্ধারিত জুতা পরে আসতে হবে।
২২ মে ফরাসি-ইতালিয়ান অভিনেতা ভ্যালেরিয়া ব্রুনি টেডেসি ‘লেস আমানডিয়ার্স’ ছবির প্রিমিয়ারে আমন্ত্রিত হিসেবে লাল গালিচায় অংশ নেওয়ার কথা ছিল কেলভিনের। কিন্তু নিরাপত্তা কর্মকর্তাদের কাছে বাধা পেয়ে জুতা না বদলিয়ে তিনি ফিরে আসেন।
বিষয়টি একই সঙ্গে কেলভিনকে বিমর্ষ ও ক্রুদ্ধ করে। এরপর উৎসবের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে কথা বলেন। তারা দুঃখ প্রকাশ করেন ও এক বৈঠকের পর মোকাসিনের বিষয়ে সিদ্ধান্ত দেন।
এরপর ২৩ মে ডেভিড ক্রনেনবার্গের ‘ক্রাইমস অব দ্য ফিউচার’ ছবির আগে রেড কার্পেটে পা রাখেন কেলভিন রেডভার্স। তখন তার পায়ে ছিল বোনের হাতে বোনা প্রিয় মোকাসিন জোড়া।
কানাডার ভ্যাঙ্কুভারের সংবাদমাধ্যমের পাশাপাশি ফেসবুকে ওই ঘটনাটি তুলে ধরেন কেলভিন। এ নির্মাতার মতে, এর মাধ্যমে আদিবাসী সংস্কৃতির গ্রহণযোগ্যতার বিষয়টি সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে।
