শেষ হয়ে গেল কান চলচ্চিত্র উৎসবের ৭৫তম আসর। গত শনিবার মধ্যরাতে ঘোষণা হয় প্রতিযোগিতা বিভাগসহ বিভিন্ন বিভাগে পুরস্কারজয়ীদের নাম। এবারের আসরের স্বর্ণপাম জিতেছে সুইডেনের ছবি ‘ট্রায়াঙ্গেল অব স্যাডনেস’। পরিচালক রুবেন অস্টলান্ডের হাতে পুরস্কার তুলে দেন ফরাসি অভিনেতা ভাসোঁ লাদোঁ ও মেক্সিকান পরিচালক আলফনসো কুয়ারন। এ নিয়ে দ্বিতীয়বার স্বর্ণপাম জিতলেন রুবেন। ২০১৭ সালে ‘দ্য স্কয়ার’-এর জন্য আগের পুরস্কারটি পেয়েছিলেন।
ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফিল্ম ক্রিটিকসের (ফিপরেস্কি) দৃষ্টিতে মূল প্রতিযোগিতা শাখা থেকে সেরা হয়েছে ইরানের সায়িদ রুসতাই পরিচালিত লেইলা’স ব্রাদার্স। এর গল্প ৪০ বছর বয়সী নারী লেইলাকে কেন্দ্র করে। জীবনের প্রায় পুরোটা সময় মা-বাবা ও চার ভাইয়ের সেবা করে কেটেছে তার। দেশের অর্থনৈতিক মন্দায় পরিবারটির মাথার ওপর ক্রমাগত ঋণের বোঝা বাড়তে থাকে। চার ভাই অনেক চেষ্টা করেও কোনো কূল-কিনারা করতে পারে না। এমন সময় লেইলা দারিদ্র্য থেকে মুক্তি পেতে পারিবারিক ব্যবসা শুরুর পরিকল্পনা করে। যখন আর্থিক সহায়তা পেতে মরিয়া হয়ে ওঠে তারা তখন লেইলা জানতে পারে, তাদের বাবা ইসমাইল একটি পারিবারিক উইল লুকিয়ে রেখেছেন।
আঁ সার্তে রিগা শাখা থেকে মরক্কোর নারী মরিয়ম তুজানি পরিচালিত ‘দ্য ব্লু কাপ্তান’কে সেরার স্বীকৃতি দিয়েছে ফিপরেস্কি। ছবিটির গল্প হালিম ও মিনা দম্পতিকে ঘিরে। তাদের সংসার দীর্ঘ সময়ের। মরক্কোর একটি হাটে ঐতিহ্যবাহী কাপ্তান বিক্রি করে হালিম। নিজের সমকামিতা লুকিয়ে রাখে সে। মিনার অসুস্থতা এবং এক তরুণ শিক্ষানবিশের আগমনের পর তাদের জীবন বদলে যেতে থাকে। ইন্টারন্যাশনাল ক্রিটিকস উইক থেকে সেরা হয়েছে বেলজিয়ামের ইমানুয়েল নিকো পরিচালিত ‘দালভা’। এর গল্প ১২ বছরের একটি বালিকাকে ঘিরে। এক সন্ধ্যায় বাবার কাছ থেকে হঠাৎ সরিয়ে ফেলা হয় তাকে। স্বাভাবিকভাবেই জীবন বদলে যায় তার। ফিপরেস্কির বিচারক হিসেবে বিভিন্ন দেশের চলচ্চিত্র সমালোচকের পাশাপাশি কাজ করেছেন বাংলাদেশের বিধান রিবেরু। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ছিলেন তিনিও। এর আগে একই ভেন্যুতে প্রতিযোগিতা শাখায় নির্বাচিত ছবির মধ্য থেকে জাপানের কোরি-ইদা হিরোকাজুর ‘ব্রোকার’কে ইকুমেনিকাল জুরি পুরস্কার দেওয়া হয়।
এদিকে কানের প্যারালাল সেকশন ডিরেক্টর’স ফোর্টনাইটে প্রিঁ এসএসিডি পেয়েছে ফ্রান্সের টমাস সালভাদর পরিচালিত ‘দ্য মাউন্টেন’। লেবেল সিনেমাস ইউরোপা পেয়েছে ফ্রান্সের মিয়া হানসেন-লাভের ‘অ্যা বিউটিফুল মর্নিং’। ক্যারস দ’র দেওয়া হয়েছে আমেরিকান নারী পরিচালক কেলি রাইকার্ডকে।
ইন্টারন্যাশনাল ক্রিটিকস উইকে নেসপ্রেসো গ্র্যান্ড প্রাইজ জিতেছে কলম্বিয়ার আন্দ্রেস রামিরেজ পুলিদো পরিচালিত ‘দ্য প্যাক’। মূল প্রতিযোগিতা শাখায় নির্বাচিত ‘ইও’ ছবির জন্য কান সাউন্ডট্র্যাক অ্যাওয়ার্ড জিতেছেন পোলিশ সুরস্রষ্টা পাওয়েল মিকিয়াটেন। স্পেশাল মেনশন দেওয়া হয়েছে স্পাইক লি পরিচালিত ‘ব্ল্যাকক্ল্যান্সম্যান’ ছবিকে।
কান চলচ্চিত্র উৎসবে সেরা তথ্যচিত্রের সম্মান ল’অয়েল দ’র জিতে নিল বাঙালি নির্মাতা শৌনক সেনের ‘অল দ্যাট ব্রিদস’। এই ছবির কেন্দ্রে দুই ভাই-বোন মোহাম্মদ সৌদ এবং নাদিম শেহজাদ। দিল্লির ওয়াজিরাবাদে তাদের বাড়ি। বাড়ির পরিত্যক্ত বেসমেন্টে তারা গড়ে তুলেছেন আহত পাখিদের জন্য এক হাসপাতাল। বিশেষ করে কালো চিলদের উদ্ধার ও চিকিৎসা করেন তারা। পুরস্কার প্রদানকারী কমিটির মুখপাত্র জানিয়েছেন, ছবিটি এই ধ্বংসের পৃথিবীতে মনে করিয়ে দিয়েছে প্রতিটি জীবন গুরুত্বপূর্ণ। প্রতিটি ছোট ছোট কাজও গুরুত্বপূর্ণ। ৫০০০ ইউরো+৯+ নগদ হিসাবে দেওয়া হবে এই পুরস্কার।
