পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও দেশটির বিরোধী রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খানের বিরুদ্ধে ১৬টি মামলা দায়ের করা হয়েছে। গত সপ্তাহে দেশটির রাজধানীতে ‘আজাদি মার্চ’ নামে লংমার্চের আয়োজন করার পর বিভিন্ন অভিযোগে গত শনিবার ইসলামাবাদের পুলিশ এসব মামলা দায়ের করে বলে জানিয়েছে ডন। ইমরান খানের পাশাপাশি পিটিআইয়ের জ্যেষ্ঠ নেতাদেরও এসব মামলায় আসামি করেছে পুলিশ।
পিটিআই চেয়ারম্যান ইমরান খান, শাহ মেহমুদ কুরেশি ও আসাদ উমরসহ দলের অন্যান্য সিনিয়র নেতাদের বিরুদ্ধে শনিবার ১৬টি মামলা নথিভুক্ত করেছে ইসলামাবাদ পুলিশ। গত সপ্তাহে দেশের কেন্দ্রীয় রাজধানীতে দলটির আজাদি মার্চের সময় সংঘটিত দাঙ্গার কারণে এসব মামলা দায়ের করা হয়।
জিও নিউজ জানিয়েছে, ইমরান খানের দলের শীর্ষস্থানীয় নেতৃত্ব ছাড়াও শিরিন মাজারি, জারতাজ গুল, আলি আমিন গন্ডাপুর এবং রাজা খুররম নওয়াজের নামেও এফআইআর দায়ের রয়েছে। মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে আজাদি মার্চের সময় সড়ক অবরোধ, রাষ্ট্রীয় কর্মকাণ্ডে বিঘ্ন ঘটানো, পুলিশ সদস্যদের ওপর হামলা ও জানমালের ক্ষতি করার অভিযোগ আনা হয়েছে। ইসলামাবাদের আবপাড়া, কোহসার, তরনল, লোহি বির, রমনা, ভারা কাহু এবং সচিবালয় থানায় এসব মামলা দায়ের করেছে পুলিশ।
অনাস্থা ভোটে হেরে গিয়ে ক্ষমতা ছাড়ার পর থেকেই ইমরান খান নির্বাচনের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আন্দোলনের এক পর্যায়ে ইসলামাবাদের উদ্দেশ্যে লং মার্চের ডাক দিলে শেহবাজ শরিফের সরকার লং মার্চ বানচালে সর্বাত্মক চেষ্টা চালায়। সবচেয়ে বেশি সহিংসতার ঘটনা ঘটে লাহোরে।
