ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে গেছে হবিগঞ্জের শাহজীবাজারে ৩৩০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিট ট্রান্সফরমার। গতকাল রবিবার সকাল ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।
এদিকে অগ্নিকান্ডের ঘটনায় জাতীয় গ্রিডে ৩৩০ মেগাওয়াট বিদ্যুৎ সঞ্চালন বন্ধ রয়েছে। কবে নাগাদ ফের চালু হবে, তা নিশ্চিত করতে পারেননি কেউ।
কেন্দ্রের চিফ ইঞ্জিনিয়ার মিজানুর রহমান জানান, তাদের প্রাথমিকভাবে ধারণা শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। তবে আরেকটি সূত্র বলছে, ট্রান্সফরমারের কাছে ঘাস ও আবর্জনা পোড়ানোর সময় একটি ট্রান্সফরমারে লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুন পার্শ্ববর্তী আরেকটি ট্রান্সফরমার ও এসটিজি হল ও কন্ট্রোল রুমে ছড়িয়ে পড়ে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই কেন্দ্রে ১১০ মেগাওয়াটের দুটি গ্যাস টারবাইন ও একটি ১১০ মেগাওয়াট স্টিম টারবাইন রয়েছে। আগুনে ওই কেন্দ্রের কী পরিমাণ ক্ষতি হয়েছে তা ঢাকা থেকে বিশেষজ্ঞ টিম আসার পর নিরূপণ করা যাবে।
প্রকৌশলী মিজানুর রহমান জানান, অগ্নিকা-ের পর থেকে জাতীয় গ্রিডে ৩৩০ মেগাওয়াট বিদ্যুৎ সঞ্চালন বন্ধ রয়েছে। কবে নাগাদ চালু হবে তা নিশ্চিত করতে পারেননি।
