জিকোরা পারবেন কর্তোয়া হতে?

আপডেট : ৩০ মে ২০২২, ১১:০১ পিএম

আগের রাতেই বিশ্ব বুঁদ হয়েছিল উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে। ভিনিসুয়াস জুনিয়র জয়সূচক গোল করলেও লিভারপুলের বিপক্ষে রিয়াল মাদ্রিদের ১৪তম শিরোপা জয়ের অন্যতম নায়ক গোলকিপার কর্তোয়া। মোহাম্মদ সালাহ-সাদিও মানেদের সিরিজ আক্রমণ ঠেকাতে তেকাঠীর নিচে রীতিমতো চীনের দেয়ালে রূপ নিয়ে ছিলেন রিয়াল কিপার। লিভারপুলের শক্তিশালী আক্রমণভাগকে বারবার হতাশ করে রীতিমতো নজির গড়েছেন কর্তোয়া। আগামীকাল বাংলাদেশকেও লড়তে হবে শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে। প্রীতি ম্যাচ হলেও খুব জানা স্বাগতিক ইন্দোনেশিয়া চাইবে বাংলাদেশের জালে গোল উৎসব করতে। এরপর তো এশিয়ান কাপ বাছাইপর্ব আরও বড় চ্যালেঞ্জ হয়ে চোখ রাঙাচ্ছে। সেখানে বাংলাদেশকে লড়তে হবে বাহরাইন, তুর্কমেনিস্তান ও মালয়েশিয়ার বিপক্ষে। র‌্যাংকিংয়ে এগিয়ে থাকা চার প্রতিপক্ষের সামনে জিকোরা কি পারবেন কর্তোয়া হতে? সেটা সময়ই বলে দেবে। তবে জাতীয়  দলের গোলকিপিং কোচ বিপ্লব ভট্টাচার্যের বিশ্বাস রয়েছে শিষ্যদের ওপর। এটাকে তাদের জন্য বড় সুযোগ হিসেবেও দেখছেন জাতীয় দলের সাবেক এই কিপার।

গত তিনদিন ধরে ইন্দোনেশিয়ায় অনুশীলন করছে বাংলাদেশ জাতীয় দল। দলে সুযোগ পেয়েছেন তিন গোলকিপার আনিসুর রহমান জিকো, আশরাফুল ইসলাম রানা ও মোহাম্মদ নাঈম। বসুন্ধরা কিংসের হয়ে গত কয়েক মৌসুম ভালো পারফরম করা জিকোই আছেন তালিকার প্রথমে। বিপ্লব অবশ্য আলাদা করে কারও কথা উল্লেখ করেননি। গতকাল ভিডিওবার্তায় বাংলাদেশের টানা আটটি সাফ চ্যাম্পিয়নশিপ খেলা বিপ্লব বলেন, ‘প্রীতি ম্যাচ ও বাছাই মিলিয়ে আমাদের চারটি ম্যাচ খেলতে হবে। বাছাইয়ে আমাদের গ্রুপে যে তিনটি দল আছে, তারা সবাই শক্তিতে এগিয়ে। ইন্দোনেশিয়ার ম্যাচও চ্যালেঞ্জিং হবে। এখানে আমাদের গোলকিপারদের বড় পরীক্ষা দিতে হবে। বড় প্রতিপক্ষের সঙ্গে গোলকিপারদের দায়িত্ব বেশি। এছাড়া ডিফেন্ডারদেরও ভালো করতে হয়। যদি আমরা আমাদের জায়গা থেকে শতভাগ দিতে পারি, তাহলে বাছাইয়ে ভালো করা সম্ভব।

মালয়েশিয়ার কুয়ালালামপুরে ৮ জুন থেকে শুরু হবে এশিয়ান গেমসের বাছাইপর্ব। সেখানে বাংলাদেশের তিন প্রতিপক্ষই র‌্যাংকিংয়ে অনেক এগিয়ে। বিপ্লব বলেন, ‘গোলকিপারদের প্রস্তুত করার জন্য আমরা যথেষ্ট সময় পেয়েছি। প্রতিটি সেশন ভালো হয়েছে। ওরা কঠোর পরিশ্রম করছে। এটা নিজেদের প্রমাণের বড় সুযোগ। তাই আমরা তাদের জন্য সেভাবেই সেশনগুলো সাজিয়েছি। যাতে গোলকিপাররা ভালো পারফরম করতে পারে।’

হাভিয়ের কাবরেরার দলের সামনের চার ম্যাচের ভালোমন্দ অনেকাংশেই নির্ভর করছে গোলকিপারদের ওপর। র‌্যাংকিংয়ের ব্যবধানটা অনেক বেশি বলেই ভূরিভূরি গোল হজমের একটা শঙ্কা আছে। কর্তোয়া না হোক, জিকোরা শিশুতোষ ভুল না  করে নিজেদের সেরাটা দিলে অন্তত মানরক্ষা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত