রপ্তানিমূল্য নগদায়নে বাধ্যবাধকতা

আপডেট : ৩০ মে ২০২২, ১১:০৫ পিএম

প্রত্যাবাসিত রপ্তানি আয়ের মূল্য সংযোজন অংশ পরবর্তী দিনে নগদায়নের নির্দেশনা দিল বাংলাদেশ ব্যাংক। গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংক এক সার্কুলার জারির মাধ্যমে প্রত্যাবাসিত রপ্তানি আয় থেকে স্থানীয় মূল্য সংযোজন অংশ নগদায়নের বিষয়ে এ নির্দেশনা দেয়।

এই নির্দেশনার ফলে রপ্তানিকারকদের আয়ের একটি অংশ দ্রুত নগদায়ন করতে হবে এবং দেশে ডলারের সরবরাহ বাড়বে বলে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন। তারা বলছেন, এতদিন দ্রুত নগদায়নের এই নির্দেশনা না থাকায় রপ্তানিকারকদের মধ্যে ডলারের দর বাড়ার রপ্তানিমূল্য নগদায়ন করার এক প্রবণতা তৈরি হয়। নতুন নির্দেশনার ফলে সেই সুযোগ আর থাকবে না।

সার্কুলারে রপ্তানি আয় দ্বারা ব্যাক টু ব্যাক ঋণপত্রের দায় নির্বাহের লক্ষ্যে প্রয়োজনীয় অংশ সিঙ্গেলপুলে সংরক্ষণের আগে স্থানীয় মূল্য সংযোজন অংশ নগদায়নের জন্য বলা হয়েছে। সার্কুলারে আরও বলা হয়, ব্যাংকের ‘নস্ট্রো’ হিসাবে রপ্তানি আয় জমা হওয়ার এক কর্মদিবসের মধ্যে নগদায়ন এবং সিঙ্গেলপুলে জমার কাজ করতে হবে।

একই তারিখে অপর একটি সার্কুলারে ভিন্ন ব্যাংকের মাধ্যমে রপ্তানি আয় প্রত্যাবাসনের ক্ষেত্রে করণীয় সম্পর্কে নির্দেশনা দেওয়া হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী অন্য ব্যাংকের মাধ্যমে রপ্তানি আয় প্রত্যাবাসন হলে কিংবা অন্য ব্যাংকের বা অফশোর ব্যাংকিং অপারেশনের মাধ্যমে রপ্তানি বিল বৈদেশিক মুদ্রায় ডিসকাউন্টিং করা হলে ওই বৈদেশিক মুদ্রা রপ্তানিকারকের ব্যাংকে স্থানান্তর করতে হবে। একই ব্যবস্থা বায়িং এজেন্টের মাধ্যমে রপ্তানিমূল্য প্রত্যাবাসনের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

রপ্তানি আয়ের নগদায়নযোগ্য অংশ এক কর্মদিবসের মধ্যে রপ্তানিকারকের ব্যাংক টাকায় রূপান্তর করে রপ্তানিকারকের হিসাবে জমা করার জন্য সার্কলারে বলা হয়েছে।

সংশ্লিষ্টদের মতে, নতুন নির্দেশনা অনুযায়ী রপ্তানিকারকের ব্যাংকের মাধ্যমে রপ্তানি আয় প্রত্যাবাসন এবং তা স্বল্প সময়ে নগদায়ন করা যাবে। এতে করে রপ্তানিকারকের চলতি মূলধন চাহিদা সহজে নিস্পত্তি করা যাবে বলে খাত-সংশ্লিষ্টরা মনে করছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত