শাবনূর এমন এক নায়িকা, যার ভক্ত শুধু দেশ-বিদেশের সাধারণ দর্শকের মধ্যে সীমাবদ্ধ নেই। বারবারই শোবিজের বিভিন্ন অঙ্গনের জনপ্রিয় তারকাদের মুখে উঠে এসেছে শাবনূর বন্দনা। বলতে গেলে, তারকাদেরও সবচেয়ে প্রিয় তারকা চিত্রনায়িকা শাবনূর। এবার এই অভিনেত্রীর ভক্ত হয়ে গেলেন ফোক সম্রাজ্ঞী মমতাজ। প্রবাসীদের গান শোনাতে মমতাজ গিয়েছিলেন অস্ট্রেলিয়ায়। বেশ কয়েকটি স্টেজ শো শেষে ঢাকায় ফেরার আগে তার মনে পড়ে ঢালিউড তারকা শাবনূরের কথা। অস্ট্রেলিয়াপ্রবাসী বাঙালিদের জন্য কনসার্টের আয়োজকদের কাছে তিনি জানতে চেয়েছিলেন, তার হোটেল থেকে শাবনূরের বাসা কত দূর? তারপরই চমৎকার সেই ঘটনার সূত্রপাত। শাবনূরকে খবর পাঠানো হলো। মমতাজ সিডনিতে শুনে মিশুক শাবনূর চলে আসেন দেখা করতে। তারপর দুজন মিলে সারা দিন ঘোরাঘুরি, খাওয়া-দাওয়া, আড্ডা আর হাসিঠাট্টায় চমৎকার সময় পার করে। এমনকি সিডনি বিমানবন্দর পর্যন্ত গাড়ি চালিয়ে মমতাজকে পৌঁছেও দিলেন শাবনূর। ঢালিউডের পর্দা কাঁপানো এই নায়িকার এমন আতিথেয়তায় মুগ্ধ মমতাজ। তিনি জানান, নায়িকা (শাবনূর) ড্রাইভ করেছেন আর তিনি শুনিয়েছেন গান। কোন গান? মমতাজ বললেন, ‘সিনেমায় শাবনূরের লিপে আমার অনেক গানই ছিল। সবচেয়ে হিট গানের মধ্যে আছে “বধূ বেশে কন্যা যখন এল রে, যেন খুশির বন্যা বয়ে গেল রে”। “হৃদয়ের বন্ধন” সিনেমার গানটি গেয়েছি গাড়িতে বসে। আরও কয়েকটি গান ছিল। সবচেয়ে ভালো লেগেছে শাবনূর আমাকে গাড়ি চালিয়ে নানা জায়গায় ঘুরিয়েছে। শেষে আমাকে এয়ারপোর্টে নামিয়ে দিয়েছে। আমাকে বিমানে তুলে দিয়ে তবেই বাসায় ফিরেছে। তার এই আতিথেয়তা ভুলব না। তাকে খুব মিস করব।’
×
