অনুসন্ধান করছে দুদক

১৫০ কোটি টাকার সম্পত্তি ৪৮ কোটি দেখিয়ে দখল!

আপডেট : ৩১ মে ২০২২, ০২:৪৩ এএম

প্রায় ১৫০ কোটি টাকার সম্পত্তির মূল্য ৪৮ কোটি টাকা দেখিয়ে রাজস্ব ফাঁকি ও বোনদের বঞ্চিত করে বাবা-মায়ের সম্পত্তি হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই ভাইয়ের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এছাড়া তাদের বিরুদ্ধে অফশোর ব্যাংকিং ও হুন্ডির মাধ্যমে বিদেশে অর্থ পাচারসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগও রয়েছে।

অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে গত ৩ এপ্রিল দুই ভাইকে জিজ্ঞাসাবাদ করেন দুদকের উপপরিচালক মোনায়েম হোসেন। আদালতের নির্দেশনায় দুদকের ওই অনুসন্ধান শুরু করা হয়েছে বলে জানা গেছে। গতকাল সোমবার দুদকের ঊর্ধ্বতন একটি সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।

অভিযুক্ত দুই ভাই হলেন রাজধানী আগারগাঁওয়ের ব্যবসায়ী কাজী আক্তারুজ্জামান ও কাজী আশরাফুজ্জামান।

অভিযোগে বলা হয়, পশ্চিম আগারগাঁওয়ের ১৬৪ নম্বর বাড়ির বাসিন্দা কাজী খায়রুজ্জামান (যিনি ডিমেনশিয়া বা স্মৃতিভ্রম রোগে আক্রান্ত)। তার শেরেবাংলা নগর এলাকায় দুই বিঘা জমির ওপর ১৫০ কোটি টাকার বেশি মূল্যের সম্পত্তি রয়েছে। এসব সম্পত্তি তার দুই ছেলে কাজী আক্তারুজ্জামান ও কাজী আশরাফুজ্জামান ঢাকার সাবরেজিস্ট্রি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে যোগসাজশে জাল-জালিয়াতির মাধ্যমে ৪৮ কোটি টাকা মূল্য দেখিয়ে রেজিস্ট্রি করে নেন। এসব সম্পত্তি থেকে প্রায় ৫০ কোটি টাকা এবং ব্যবসা থেকে আরও ২৫-৩০ কোটি টাকা সরিয়ে তা দুই ছেলের স্ত্রী ও শ্বশুরবাড়ির আত্মীয়স্বজনের (যাদের অনেকেই বিদেশে অবস্থান) কাছে হুন্ডি ও অফশোর ব্যাংকিংয়ের মাধ্যমে পাচার করা হয়।

অভিযোগে আরও বলা হয়, খায়রুজ্জামানের স্ত্রী আক্তার জাহান ২০১৭ সালের ২৩ মার্চ স্ট্রোক করেন। এরপর থেকেই তিনি স্মৃতিশক্তি হারিয়ে মানসিক ভারসাম্যহীন। সম্পত্তি মূলত ছিল আক্তার জাহানের। ঢাকা সাবরেজিস্ট্রি অফিসের কমিশন কর্মচারী, ভেন্ডারসহ কয়েকজন কর্মকর্তা-কর্মচারী মিলিত হয়ে আক্তার জাহানের স্থাবর-অস্থাবর সব সম্পত্তি খায়রুজ্জামানের নামে দেখিয়ে তারই দুই ছেলে কাজী আক্তারুজ্জামান ও তার ছোট ভাই কাজী আশরাফুজ্জামানের নামে রেজিস্ট্রি করেন। আর সম্পত্তি থেকে বঞ্চিত করা হয় দুই মেয়েকে।

এর আগে এ ঘটনায় ওই পরিবারের বড় মেয়ে কাজী রোকসানা শাহজাহান ২০২১ সালের ২৮ অক্টোবর মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এ ব্যাপারে দুদকের আইন শাখার এক কর্মকর্তা জানান, কাজী আক্তারুজ্জামান ও কাজী আশরাফুজ্জামানের বিরুদ্ধে অফশোর ব্যাংকিং ও হুন্ডির মাধ্যমে বিদেশ অর্থ পাচারসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান স্থগিত রাখার বিষয়ে হাইকোর্টের এক আদেশ রয়েছে। ওই স্থগিতাদেশ দেওয়ায় এ অভিযোগের অনুসন্ধান চলবে কি না সে ব্যাপারে মতামত চেয়ে দুদকের আইন শাখায় নথি পাঠিয়েছেন অনুসন্ধান কর্মকর্তা। আইন শাখার মতামতের ওপর ভিত্তি করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত