প্রয়োজনে চাল আমদানি, ইঙ্গিত খাদ্যমন্ত্রীর

আপডেট : ৩১ মে ২০২২, ০২:৪৪ এএম

চালের বাজারদর স্থিতিশীল রাখতে এই ভরা মৌসুমেও প্রয়োজনে আমদানির ইঙ্গিত দিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। করপোরেট কোম্পানিগুলো চালের ব্যবসায় নেমে ধান কিনে বাজারে কৃত্রিম সংকট তৈরি করছে কি না, তা খতিয়ে দেখতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি।

চালের দর নিয়ে মন্ত্রিসভার বৈঠকে আলোচনা এবং নির্দেশনার পর গতকাল সোমবার সচিবালয়ে বসে ভার্চুয়াল মাধ্যমে খুলনা ও বরিশাল বিভাগে অভ্যন্তরীণ সংগ্রহ ও বাজার মনিটরিং-সংক্রান্ত মতবিনিময় সভায় এ নির্দেশনা দেন খাদ্যমন্ত্রী।

তাকে উদ্ধৃত করে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অবৈধ মজুদের মাধ্যমে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করা হলে প্রয়োজনে চালের আমদানি শুল্ক কমিয়ে দেওয়া হবে। অবৈধ মজুদদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যা করণীয়, সবই করা হবে। প্রয়োজনে ট্যাক্স কমিয়ে চাল আমদানি করে ভোক্তাকে স্বস্তিতে রাখা হবে। বিভিন্ন করপোরেট হাউজ বাজার থেকে ধান-চাল কেনায় লিপ্ত হয়েছে। তারা কৃত্রিম সংকট তৈরি করছে কি না, তা খতিয়ে দেখতে হবে।

ভোক্তা যেন আতঙ্কিত না হয়, সে জন্য সচেতনতা তৈরির পাশাপাশি ধান-চালের বাজারে নজরদারি বাড়াতে প্রশাসনকে নির্দেশনা দেন খাদ্যমন্ত্রী।

খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মজিবর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক সাখাওয়াত হোসেন, খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার ইসমাইল হোসেন, খুলনা ও বরিশাল বিভাগের সব জেলা প্রশাসক, কৃষি বিভাগের উপপরিচালক, খাদ্য বিভাগের মাঠপর্যায়ের কর্মকর্তা ও মিল মালিকরা সভায় যুক্ত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত