রাজধানীর পল্লবীতে মেট্রোরেল প্রকল্পের নির্মাণাধীন স্টেশনের দেয়াল থেকে ইট পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে। তার নাম সোহেল তালুকদার (৪৯)। এ ঘটনায় আরও পাঁচ পথচারী আহত হয়েছেন।
গতকাল সোমবার দুপুরে রাজধানীর মিরপুর ১১ নম্বরে এ ঘটনা ঘটে। নিহত সোহল মিরপুর ১০ নম্বরের শাহ আলী শপিং কমপ্লেক্সের চতুর্থ তলায় সিরাজ জুয়েলার্সে কাজ করতেন। ১০ বছর বয়সী মেয়েকে নিয়ে সোহেল মিরপুর ১২ নম্বর এলাকায় একটি বাসায় তার ভাইয়ের সঙ্গে ভাড়া থাকতেন, তাদের গ্রামের বাড়ি বগুড়ায়। সকালে বাসা থেকে কর্মস্থলে যাওয়ার পথে তিনি দুর্ঘটনায় পড়েন।
পল্লবী থানার ওসি পারভেজ ইসলাম বলেন, সোমবার দুপুর ১২টার দিকে মিরপুর ১১ নম্বর অংশে নির্মাণাধীন মেট্রোরেলের ২০৩ নম্বর পিলারসংলগ্ন এলাকার নিচ দিয়ে যাওয়ার সময় ওই পথচারীর মাথায় মেট্রোরেলের ওপরের দেয়াল ভেঙে ইট পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
