লর্ডসে নতুন ইনিংস স্টোকস-ম্যাককালাম জুটির

আপডেট : ০২ জুন ২০২২, ১২:১৫ এএম

লর্ডসে আজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামবে ইংল্যান্ড। টেস্টে নতুন অধিনায়ক হিসেবে অভিষেক হবে বেন স্টোকসের। ইংল্যান্ডের টেস্ট দলের নতুন কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন ব্রেন্ডন ম্যাককালাম। তার প্রতিপক্ষ আবার নিজের দেশ।

লর্ডস টেস্ট দিয়েই সংক্ষিপ্ত বিরতির পর আবার খেলতে নামছেন জিমি অ্যান্ডারসন আর স্টুয়ার্ট ব্রড জুটি। দুজনের ঝুলিতে আছে ১১৭৭ টেস্ট উইকেট। ৬৪০ শিকার অ্যান্ডারসনের। ৫৩৭ উইকেট নিয়েছেন ব্রড। প্রথম টেস্টের আগে যিনি বলেছেন, ‘দর্শকদের আবার টেস্টে আগ্রহী করে তুলতে হলে আমাদের খেলার মান আরও উন্নত করতে হবে। দর্শকরা যে ধরনের খেলা দেখতে পছন্দ করেন, সেই ধরনের ক্রিকেট খেলতে হবে। উইন্ডিজ সফরে আমরা সেই খেলা খেলতে পারিনি। তাই দর্শকরা আমাদের খেলা পছন্দ করছেন না।’ শেষ খেলা ১৭টি টেস্টের মধ্যে মাত্র একটিতে জিতেছে ইংল্যান্ড। ব্যর্থতার কারণে অধিনায়কের পদ ছেড়েছেন জো রুট। নতুন অধিনায়ক করা হয়েছে স্টোকসকে। দলের ব্যাটিং কোচের দায়িত্ব পেয়েছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। নতুন জুটির সামনে বড় চ্যালেঞ্জ ভালো ক্রিকেট খেলে মাঠে দর্শক ফেরানো। লর্ডসে অর্ধেক টিকিটও বিক্রি হয়নি। এমন পরিস্থিতিতে নিজেকে মাঠে উজাড় করে দেওয়ার জন্য মুখিয়ে আছেন উইন্ডিজ সফরের দল থেকে বাদ পড়া ব্রড। তিনি বলেছেন, ‘ বাদ পড়েছিলাম বলে মনে ক্ষোভ নেই। আমি ঠিক আছি। আগ্রাসী মানসিকতা নিয়েই খেলতে নামব এবং মাঠে নেমে নিজের সর্বস্ব দেব। আমি ব্যাপারটা দেখছি এই ভাবে যে, এখনো কোনো টেস্ট খেলিনি দেশের হয়ে। এবং, আমার কোনো অভিজ্ঞতাও নেই। টেস্ট অভিষেকের সময় কেউ বেশি দূরের কথা ভাবে না। শুধু মাঠে নামার জন্য উত্তেজিত থাকে। তরতাজা হয়ে মাঠে নামতে চাই।’ নতুন অধিনায়ক বেন স্টোকসও সবাইকে আশ্বস্ত করে বলেছেন, ‘আমি চাই সবাই যেন আমার অধিনায়কত্বে নিজেদের মুক্ত এবং নির্ভার মনে করে। নতুন করে শুরু করা নিয়ে অনেক কথা হচ্ছে। এটা আমার পছন্দ নয়। আমি দেখতে চাই পরিষ্কার চাপমুক্ত একটা মন নিয়ে দল সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ড্রেসিংরুমে ব্রড এবং জিমির মতো অভিজ্ঞদের সঙ্গে নতুনরাও আছে। কিন্তু সবাই তরতাজা হয়ে নতুন ভাবে শুরু করবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত