ভারতে পাচারের সময় ১৬ কেজি সোনা উদ্ধার

আপডেট : ০২ জুন ২০২২, ০২:৩৩ এএম

ভারতে পাচারের সময় যশোরে ১৫ কেজি ৮০০ গ্রাম ওজনের ১৩৫টি সোনার বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। গতকাল বুধবার ভোরে যশোর-মাগুরা সড়কের বাহাদুরপুর এলাকায় তিনটি ব্যক্তিগত গাড়ি (প্রাইভেট কার) তল্লাশি করে ওই চালান উদ্ধার করা হয়। সোনার চালানটি উদ্ধারের সময় ছয়জনকে আটক করা হয়েছে। তারা হলেন বেনাপোলের দুর্গাপুর গ্রামের আবদুল জব্বারের ছেলে জাহিদুল ইসলাম (৩০), পুটখালী গ্রামের আতিয়ার রহমানের ছেলে নাজমুল হোসেন (২৫), চাঁদপুর জেলার ঘাগড়া গ্রামের আরিফ মিয়াজী (৩৬), কুমিল্লার দাউদকান্দির নৈয়ার গ্রামের সিরাজুল ব্যাপারীর ছেলে শাহজালাল (৩২), মাদারীপুরের বলশা গ্রামের কামাল হোসেনের ছেলে আবু হায়াত জনি (২৮) ও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের অতিউল্লাহ ব্যাপারীর ছেলে রবিউল ইসলাম রাব্বি (২৯)।

বিজিবির ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী জানান, ‘সোনার বারগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে যশোর সীমান্তে নিয়ে যাওয়া হচ্ছিল বলে আটক ছয়জন প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। এই চালান সীমান্ত পার করে তার বিনিময়ে মার্কিন ডলার নিয়ে ঢাকায় ফেরার কথা ছিল তাদের।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত