কারাবন্দি স্বজনকে দেখতে যাওয়ার পথে লাশ হলো ৫ জন

আপডেট : ০২ জুন ২০২২, ০২:৪৬ এএম

রাজবাড়ীর কালুখালীতে ট্রাক, ইজিবাইক ও প্রাইভেট কারের ত্রিমুখী সংঘর্ষে ছয়জন নিহত হয়েছে। নিহতরা সবাই ইজিবাইকের আরোহী। তাদের মধ্যে পাঁচজন একই পরিবারের সদস্য। তারা এক কারাবন্দি স্বজনের সঙ্গে দেখা করতে রাজবাড়ী যাচ্ছিল। নিহত আরেকজন ইজিবাইকের চালক। গতকাল বুধবার সকাল সোয়া ৯টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের চাঁদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় প্রাইভেট কারের দুই আরোহী আহত হয়েছে। 

এদিকে গতকাল পৃথক সড়ক দুর্ঘটনায় খুলনায় আরও দুজন নিহত হয়েছে। ওই ঘটনায় আহত হয়েছে আরও অন্তত আটজন। এছাড়া রংপুরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে এক নারী। মঙ্গলবার রাতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় নিহত হয়েছেন আরেক নারী।

দেশ রূপান্তরের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত

রাজবাড়ী প্রতিনিধি জানান, গতকাল সকালে কালুখালী উপজেলার চাঁদপুর রেলগেট এলাকায় ট্রাক-অটোরিকশা-প্রাইভেট কারের ত্রিমুখী সংঘর্ষে ছয়জন নিহত হয়। নিহতদের মধ্যে একই পরিবারের পাঁচজন হলো কালুখালীর মুচিদাহ বনগ্রামের মোতালেব হোসেন মণ্ডলের স্ত্রী মশিরন বেগম (৬৫), মেয়ে মরিয়ম বেগম (৪৫), নাতনি শিলা (১৬), নাতি নয়ন (৮) ও ইউসুফ (৬) এবং অটোরিকশা চালক নাসির উদ্দিন (৩৫)।

নিহতদের মধ্যে তিনজন ঘটনাস্থলে, তিনজন কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যায়। এছাড়া মোতালেবের বড় মেয়ে মর্জিনা এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে। তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে পাঠানো হয় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

পারিবারিক সূত্র জানায়, মোতালেব মণ্ডলের ছেলে ইসলাম মণ্ডল একটি মামলায় রাজবাড়ী কারাগারে আছে। গতকাল তার আদালতে হাজিরার তারিখ ছিল। ইসলামের সঙ্গে দেখা করতে মা মশিরন বেগম প্রতিবেশী নাসিরের ইজিবাইক ভাড়া করে। সেই গাড়িতে পরিবারের সাতজন রাজবাড়ী যাচ্ছিল। কালুখালীর চাঁদপুর এলাকায় পৌঁছালে রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। একই সময় কুষ্টিয়া থেকে রাজবাড়ীর দিকে যাওয়া প্রাইভেট কারটি ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়।

ইসলাম শেখের মামি ছালেহা বেগম বলেন, একসঙ্গে তিনটি পরিবার শেষ হয়েছে। এই পরিবারে এখন রান্না করে দেওয়ার মানুষটাও থাকল না।

প্রাইভেট কারের চালক রবিউল ইসলাম বলেন, ট্রাকটি বেপরোয়া গতিতে চলছিল। আমার গাড়ি ইজিবাইকের পেছনে ছিল। কিন্তু বাম থেকে ডানে এসে ট্রাকটি ইজিবাইকটি চাপা দিয়ে আমার গাড়িতে ধাক্কা দেয়। গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়েছে।

কালুখালী থানার ওসি নাজমুল হাসান জানান, দুর্ঘটনায় এক পরিবারের পাঁচজনসহ ছয়জনের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত হওয়া গেছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছে। তিনি বলেন, যেখানে দুর্ঘটনা ঘটেছে সেখানে এর আগেও দুর্ঘটনা ঘটেছিল। ওইখানে একটি বাঁক আছে। এছাড়া বৃষ্টি হলে রাস্তা পিচ্ছিল হয়ে যায়। রাস্তাটি নতুন হওয়ায় অনেক চালক বেপরোয়া গতিতে গাড়ি চালায়।

রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা। আমরা পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছি। জেলা প্রশাসনের পক্ষ থেকে জনপ্রতি ২০ হাজার টাকা করে সহায়তা  দেওয়া হয়েছে।

খুলনায় নিহত ২ : খুলনায় যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেল ও ভ্যানের সংঘর্ষে বাস খাদে পড়ে দুজন নিহত ও আটজন আহত হয়েছে। গতকাল সকাল সাড়ে ৮টার দিকে ডুমুরিয়া উপজেলার খুলনা-সাতক্ষীরা সড়কের গুটুদিয়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন হলো মোটরসাইকেল চালক সাতক্ষীরার তালা উপজেলার খলিসখালী গ্রামের আলী ওসমান (৩২) ও ভ্যান আরোহী ডুমুরিয়া উপজেলার গোলনা গ্রামের আব্দুল খালেক (৪০)। নিহত আলী ওসমান একটি ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ ও আব্দুল খালেক গাছকাটা শ্রমিক। নিহতদের মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

খর্ণিয়া হাইওয়ে থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, আহত ও নিহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কয়েকজনের অবস্থা গুরুতর।

রংপুরে নিহত এক নারী : রংপুরের গঙ্গাচড়ায় ট্রাকচাপায় বীথি আক্তার (২৪) নামে এক নারী নিহত হয়েছে। চার মাস বয়সী ছেলেকে চিকিৎসক দেখাতে স্বামীর মোটরসাইকেলে করে রংপুরে যাচ্ছিল। মোটরসাইকেল থেকে পড়ে বীথির স্বামী-সন্তান আহত হয়েছে। গতকাল বেলা সোয়া ১১টার দিকে উপজেলার আলমবিদিতর ইউনিয়নের পাইকান জেনেপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত বীথির স্বামী রফিক ইসলাম (২৯) ও ছেলে রাইয়ান আফছারকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজধানীতে আবারও ডিএসসিসির ময়লার গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু : আবারও সিটি করপোরেশনের বেপরোয়া গাড়ির ধাক্কায় নাজমা বেগম (৪৫) নামে এক নারী মারা গেছেন। গত মঙ্গলবার রাতে রাজধানীর মুগদার টিটিপাড়া মোড়ে এ ঘটনা ঘটে। গাড়ির চালক সোহেল রানাকে (৪২) আটক করেছে পুলিশ। গাড়িটি জব্দ করা হয়েছে।

মুগদা থানার এসআই শামীম সরকার জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে টিটিপাড়া বিশ্বরোড মোড়ে রাস্তা পার হওয়ার সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার ২৫ নম্বর গাড়ি পথচারী নাজমা আক্তারকে ধাক্কা দেয়। তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত